মাঝসমুদ্রে রহস্যজনক দুর্ঘটনা! তুরস্কের দুটি বাণিজ্যিক জাহাজের ভয়াবহ সংঘর্ষে চাঞ্চল্য

মারমারা সাগরে বুধবার ভোরে এক ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনার সাক্ষী থাকল তুরস্ক। ইস্তানবুলের সিলিভরি জেলার উপকূলের কাছে তুরস্কের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার পর থেকেই একটি জাহাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং তাতে থাকা ১০ জন নাবিক নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় অনুযায়ী ভোর প্রায় ৩টে নাগাদ সিলিভরি থেকে প্রায় ১৮ মাইল দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। ইস্তানবুলের গভর্নরের দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত জাহাজ দুটির নাম ‘ALSU’ এবং ‘TUĞBERK İMAMOĞLU’। এর মধ্যে ‘ALSU’ জাহাজটি কোচায়েলি থেকে আলিয়াগার দিকে যাচ্ছিল এবং অপর জাহাজ ‘TUĞBERK İMAMOĞLU’ ইস্কেন্দেরুন বন্দর থেকে কারাদেনিজ এরেগলির দিকে রওনা দিয়েছিল।
সংঘর্ষের খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে তুরস্কের কোস্ট গার্ড এবং উপকূলীয় নিরাপত্তা কর্তৃপক্ষের একাধিক সামুদ্রিক ইউনিট ও উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। প্রাথমিক তদন্তে ‘ALSU’ জাহাজটিতে বড় কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন না মিললেও, ‘TUĞBERK İMAMOĞLU’ জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এমনকি ওই জাহাজে থাকা ১০ জন ক্রু সদস্যের বর্তমান অবস্থান বা সুরক্ষা নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ‘TUĞBERK İMAMOĞLU’ একটি বাল্ক ক্যারিয়ার এবং ‘ALSU’ একটি রাসায়নিক ট্যাঙ্কার। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজ নাবিকদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে তল্লাশি অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যাচ্ছে তুর্কি প্রশাসন।