‘মারা তো যাবই, তবে…’ সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই মেজাজ হারালেন টলিউডের কিংবদন্তি বিপ্লব চট্টোপাধ্যায়!

‘সবুজ দ্বীপের রাজা’ থেকে শুরু করে ‘জয় বাবা ফেলুনাথ’—বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয় করা ছবির তালিকা বেশ দীর্ঘ। টলিউডের অত্যন্ত পরিচিত মুখ বিপ্লব চট্টোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতেই অনুরাগীদের মনে গভীর শোকের ছায়া নেমে আসে। অভিনেতার একটি ছবির নিচে ‘প্রয়াত’ কথাটি লেখা দেখে অনেকেই সেই পোস্ট শেয়ার করতে শুরু করেন এবং সামাজিক মাধ্যমে শোকবার্তাও দিতে থাকেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মৃত্যুর ভুয়ো খবর নিয়ে নিজে মুখ খুললেন প্রবীণ অভিনেতা।
পরিস্থিতি সামাল দিতে আসরে নামে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স। মঙ্গলবার সন্ধ্যায় তাদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়ো। খোদ অভিনেতার পাঠানো বার্তার মাধ্যমেই এই খবরটি নিশ্চিত করা হয়েছে।
এরপর একটি ভিডিওবার্তার মাধ্যমে ক্ষোভ উগরে দেন অভিনেতা নিজেই। তিনি বলেন, “আমাকে অনেক খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনেন। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।” পাশাপাশি পুরো ঘটনায় পাশে থাকার জন্য আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
ভিডিওর শেষে অত্যন্ত কড়া সুরে অভিনেতা বলেন, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।”
বিপ্লব চট্টোপাধ্যায় জানান, এই ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর পরিবার এবং প্রতিবেশীদের কাছে প্রচুর ফোন আসতে শুরু করে, যা অত্যন্ত বিরক্তিকর। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ যাতে ভবিষ্যতে আর কেউ না করেন, তার জন্য হাত জোড় করে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান এই তারকা।