দিল্লিতে যাতায়াত করলেই কড়া নজরদারি! মহিলাদের সুরক্ষা নিয়ে বড় নির্দেশিকা জারি করল সরকার

যাত্রীদের সুরক্ষা আরও সুনিশ্চিত করতে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে চলাচলকারী সমস্ত বাস অপারেটরদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। রাজধানীতে অন্যান্য রাজ্য থেকে বাস পরিচালনাকারী অপারেটরসহ সকলকেই এই সুরক্ষা মান এবং পরিচালন বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষার বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই নিয়ম লঙ্ঘিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
দিল্লির পরিবহন মন্ত্রী ডঃ পঙ্কজ কুমার সিং জানান, মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সুদক্ষ নেতৃত্বে গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ করে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সমস্ত বাসে লাগানো ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) এবং প্যানিক বাটন যেন সর্বদা সচল ও কার্যকর থাকে। পাশাপাশি প্রতিটি বাসে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র এবং প্রথম চিকিৎসার কিট বা ফার্স্ট এইড বক্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, বাসের জানালায় কোনো ধরনের পর্দা বা অননুমোদিত ফিল্ম লাগনো যাবে না এবং উইন্ডশিল্ড ও জানালার স্বচ্ছতার নিয়ম কঠোরভাবে মানতে হবে। রাতের বেলা বা পার্কিংয়ের ক্ষেত্রে বাসগুলিকে শুধুমাত্র অনুমোদিত ও পর্যাপ্ত আলোযুক্ত নিরাপদ স্থানেই রাখতে হবে।
চালক ও বাস কর্মীদের আচরণ এবং যোগ্যতার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। চালক ও অন্যান্য কর্মীদের যাত্রীদের সাথে সর্বদা নম্র ও ভদ্র আচরণ করতে হবে। নেশাজাতীয় দ্রব্য বা অ্যালকোহল সেবন করে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। চালকদের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স, নির্ধারিত ইউনিফর্ম এবং পিএসভি ব্যাজ থাকা বাধ্যতামূলক। একইভাবে কন্ডাক্টরদেরও বৈধ লাইসেন্স, ইউনিফর্ম ও ব্যাজ রাখতে হবে। তাছাড়া কর্মী নিয়োগের আগে তাদের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে বাস মালিকদের। বাসে চলাকালীন সমস্ত দরজা সুরক্ষিতভাবে বন্ধ রাখতে হবে এবং ওঠানামার সময় শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের সব ধরনের সহযোগিতা করতে হবে।
নারী যাত্রীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, বাস কর্মীদের নারী হয়রানি ও অসদাচরণের গুরুতর পরিণতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। কোনো নারী যাত্রী হেনস্থা বা শ্লীলতাহানির শিকার হলে বাস কর্মীদের অবিলম্বে পুলিশকে খবর দিতে হবে এবং বাসটিকে সোজা নিকটতম থানা বা পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে হবে। এছাড়াও প্রতিটি বাসের বৈধ ফিটনেস সার্টিফিকেট, দূষণ নিয়ন্ত্রণ (PUC) সার্টিফিকেট এবং সঠিক নির্গমন মান বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে নির্দিষ্ট বাস স্টপেই কেবল যাত্রী ওঠানামা করাতে হবে। পরিবহন মন্ত্রী ডঃ পঙ্কজ কুমার সিং সাফ জানিয়েছেন, নিরাপত্তা বিধি কেবল কাগজে-কলমে রাখলে চলবে না, বাস্তবেও তার কড়া প্রয়োগ নিশ্চিত করতে হবে।