ডিজিটাল ইন্ডিয়ার নতুন ইতিহাস! আগস্টে ভাঙল সব রেকর্ড, UPI-এর মাধ্যমে উড়ে গেল প্রায় ৩০ লক্ষ কোটি টাকা

পকেটে নগদ টাকা নিয়ে ঘোরার দিন যে পাকাপাকিভাবে শেষ হয়ে গেছে, তা ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় অর্থনৈতিক পরিসংখ্যান। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে দেশজুড়ে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI লেনদেন ফের এক আকাশছোঁয়া রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে। উৎসবের মরসুম এবং বিশেষ করে রক্ষা বন্ধনের আনন্দকে দ্বিগুণ করতে ডিজিটাল পেমেন্টের এই জোয়ার পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে।

আগস্টে লেনদেনের নতুন পাহাড়: তথ্য বলছে, আগস্ট মাসে ইউপিআইয়ের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ পৌঁছে গেছে প্রায় ২৯.৮২ লক্ষ কোটি টাকায়! এর আগে মে এবং জুলাই ২০২৬-এ রেকর্ড ২৯.৯ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছিল। যদি পরিমাণের দিক থেকে বিচার করা হয়, তবে আগস্ট মাসে লেনদেনের সংখ্যা রেকর্ড ২,৪৫১ কোটিতে দাঁড়িয়েছে, যা জুলাই মাসের ২,৩৬৬ কোটির তুলনায় অনেকটাই বেশি। গত বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসের ২৪.৮৫ লক্ষ কোটি টাকার তুলনায় এই বছর লেনদেনের পরিমাণ একলাফে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বার্ষিক হিসাব অনুযায়ী লেনদেনের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ।

কেন হঠাৎ এই লাফ? কী বলছেন বিশেষজ্ঞরা? ক্যাশফ্রি পেমেন্টস-এর সহ-প্রতিষ্ঠাতা রিজু দত্ত জানিয়েছেন যে, আগস্ট মাসে লেনদেনের এই উল্লম্ফনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ‘রক্ষা বন্ধন’ এর মতো উৎসবগুলি। উৎসবের আবহে সাধারণ মানুষের মধ্যে উপহার দেওয়া-নেওয়া এবং ছোটখাটো লেনদেন (P2P) হঠাৎ বহুলাংশে বেড়ে যাওয়ায় ইউপিআইয়ের ব্যবহারও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিগত তিন মাস ধরে লেনদেনের এই ধারাবাহিক বৃদ্ধি এটাই প্রমাণ করে যে, ভারতের প্রতিটি কোণায় ডিজিটাল পেমেন্টের শিকড় কতটা শক্ত হয়ে গেছে।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ইউপিআই-এর জয়র জয়যাত্রা: শুধু ভারতেই নয়, বিশ্বমঞ্চেও এখন ইউপিআই এক বিশাল ব্র্যান্ড। বর্তমানে উজবেকিস্তানসহ মোট ১১টি দেশে ইউপিআই পেমেন্ট সফলভাবে গ্রহণ করা হচ্ছে। এই তালিকায় সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং গ্রিসের মতো দেশগুলির নাম রয়েছে। ২০১৬ সালের ২৫ আগস্ট যাত্রা শুরু করার পর থেকে ভারতের এই পেমেন্ট সিস্টেম যেন এক দশকের মধ্যে ৪,০০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে বিশ্বকে চমকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *