সাংবাদিকদের জন্য বাম্পার উপহার! এবার দেশের ৩৮ হাজার হাসপাতালে ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুযোগ

সরকারের সমালোচনা করার পূর্ণ অধিকার সংবাদমাধ্যমের রয়েছে এবং তার জন্য কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ করা হবে না। তবে দেশের অখণ্ডতা এবং ধর্মীয় ভাবাবেগের প্রশ্নে সাংবাদিকদের অত্যন্ত দায়িত্বশীল ও কঠোর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, সংবিধান প্রদত্ত বাক্‌স্বাধীনতা যেন কোনোভাবেই দেশকে দুর্বল করার কাজে বা মানুষের ধর্মীয় আস্থায় আঘাত হানতে ব্যবহৃত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

এদিনের এই অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য একগুচ্ছ বড় সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে রাজ্যের সাংবাদিকরা ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’-এর মতো হাই-এন্ড প্রকল্পের সুবিধা পাবেন। এর ফলে দেশের প্রায় ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলবে। পূর্বে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সুবিধা সীমিত থাকলেও, এবার দিল্লির এইমস, ভেলোরের সিএমসি কিংবা মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালের মতো দেশের প্রথম সারির চিকিৎসা কেন্দ্রেও এই সুবিধা পাওয়া যাবে।

পাশাপাশি প্রবীণ ও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে পেনশন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এতদিন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে আড়াই হাজার টাকা করে পেলেও, এখন থেকে তা বাড়িয়ে সোজা ৫ হাজার টাকা করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাক্রেডিটেশন কার্ড না থাকা সত্ত্বেও নিউজ ডেস্কে কর্মরত সাংবাদিকরাও এবার এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *