৭ লক্ষ ছাড়াল উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী! ওএমআর শিট নিয়ে বড় চমক, পরীক্ষার আগেই বিরাট ঘোষণা সংসদের

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর এই সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬০ হাজার বেশি। বিপুল এই পরীক্ষার্থীর চাপ সামলাতে এবং খাতা মূল্যায়ন প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিহীন ও স্বচ্ছ করতে পরীক্ষার নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সংসদ সূত্রে জানা গিয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) থাকায় এই সেমেস্টারে পরীক্ষার্থীদের ওএমআর (OMR) শিটে উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে চারটি আলাদা সিরিজ থাকলেও এতদিন কোন সিরিজের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া হচ্ছে, তা ওএমআর শিটে আলাদা করে চিহ্নিত করার সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। ফলে পরবর্তীকালে উত্তরপত্র যাচাই করতে গিয়ে জটিলতার সৃষ্টি হতো। সেই সমস্যার স্থায়ী সমাধানে এবার ওএমআর শিটেই ৪টি সিরিজের নম্বর ছাপানো থাকবে। পরীক্ষার্থীকে তাঁর প্রশ্নপত্রের সঠিক সিরিজ অনুযায়ী ওএমআর শিটের নির্দিষ্ট ঘরে বলপেন দিয়ে গোল করে তা পূরণ করতে হবে।
পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে পরিকাঠামোও জোরদার করা হচ্ছে। এবছর প্রায় ৮২৫টি পরীক্ষাকেন্দ্র এবং প্রায় ২ হাজারটি ভেন্যু তৈরি রাখা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে খাতা মূল্যায়নে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য পরীক্ষার দিন ওএমআর শিট পূরণের সময় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংসদ।