“বেতন মাসে ৪০ হাজার পর্যন্ত!”-বিপদ মোকাবিলায় রাজ্যে ‘অর্জুন’ গঠন মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলায় পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবার বিশেষ বাহিনী গঠনের ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতার একটি অনুষ্ঠানে এই বিশেষ দল গড়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই নতুন বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘অর্জুন’। রাজ্যে অতীতের বিভিন্ন দুর্ঘটনা ও পরিকাঠামোর ঘাটতির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যে কারণে ‘অর্জুন’ গঠনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আমফানের পরবর্তী পরিস্থিতি থেকে শুরু করে তারাতলার দুর্ঘটনা এবং অতীতে মাঝেরহাট ও পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার মতো ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি, শহরজুড়ে বিভিন্ন নির্মাণ ও উড়ালপুল তৈরির সময়ে নিয়ম না মানার অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের পর্যাপ্ত প্রশিক্ষণ ও যন্ত্রপাতির ঘাটতি রয়েছে, যা মেটাতেই এই বিশেষ বাহিনী গড়া হচ্ছে।
কোথায় মোতায়েন থাকবে এই বাহিনী? প্রাথমিক পর্যায়ে ২০০ জন সদস্য নিয়ে ‘অর্জুন’ বাহিনী পথ চলা শুরু করছে। এদের বিভাজন সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো:
-
কলকাতা: ১০০ জন সদস্য থাকবেন।
-
পাহাড়: ৫০ জন সদস্য দার্জিলিং অঞ্চলে থাকবেন।
-
সুন্দরবন: ৫০ জন সদস্য উপকূলবর্তী এই এলাকায় মোতায়েন থাকবেন। পরবর্তী সময়ে দার্জিলিং, কাকদ্বীপ, দিঘা এবং কলকাতা ছাড়াও একাধিক পর্যটনকেন্দ্রে এই বাহিনীর নিজস্ব ইউনিট গড়ার পরিকল্পনা রয়েছে।
বাহিনীতে কারা সুযোগ পাবেন? আপাতত রাজ্য সৈনিক বোর্ডের ৪০ বছর বয়স পর্যন্ত সদস্যদের নিয়ে এই বাহিনী গঠিত হচ্ছে। এর পাশাপাশি সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্তদেরও যুক্ত করা হবে। আগামী দিনে অগ্নিবীরদের প্রথম ব্যাচ এলে তাঁদেরও এই বাহিনীতে নিয়োগের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা ‘অর্জুন’ বাহিনীতে সদস্যদের দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে— ‘বীর’ (টিমের সদস্য) এবং ‘বীরনায়ক’ (দলের প্রধান)।
-
বীর: এই পদের সদস্যরা প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন।
-
বীরনায়ক: এই পদের দায়িত্বপ্রাপ্তরা প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন।
-
অন্যান্য সুবিধা: এই পদগুলিতে প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হবে। এছাড়া কর্মীদের জন্য গ্রুপ বিমা থাকছে, যার আওতায় গুরুতর আঘাত বা ক্যাজ়ুয়ালিটির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হবে।