মুষলধারে বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? খামখেয়ালি বর্ষা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস!

সেপ্টেম্বর মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট শুরু হয়েছে। তবে আবহাওয়া দপ্তর (IMD) জানাচ্ছে, চলতি মাসে গোটা দেশে বর্ষার এই খামখেয়ালিপনা বজায় থাকবে এবং সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে জানা গিয়েছে, ১৯০১ সালের পর থেকে এটি দেশের ইতিহাসে অন্যতম উষ্ণতম অগাস্ট মাস হিসেবে রেকর্ড গড়েছে।

IMD-র রিপোর্ট অনুযায়ী, ভারতের বেশিরভাগ অঞ্চলে সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলেও উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব ভারতের কিছু অঞ্চলে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মরশুমে সেপ্টেম্বর মাসে মোট বৃষ্টিপাতের প্রায় এক-পঞ্চমাংশ হয়ে থাকে। এর আগে অগাস্ট মাসে দেশজুড়ে গড়ে ২১৩.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ২০০১ সালের পর থেকে সপ্তম সর্বনিম্ন। এর পেছনে এল নিনোর প্রভাব রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা, যার ফলে বায়ুমণ্ডল শুষ্ক হয়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতেও এই নিম্নচাপের প্রভাব ভালোমতো অনুভূত হবে। সেপ্টেম্বরে একদিকে যেমন বৃষ্টির ঘাটতি ও অস্বস্তিকর গরমের আশঙ্কা রয়েছে, তেমনই নিম্নচাপের জেরে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *