বিগ বসের নেপথ্যের সেই গম্ভীর কন্ঠ কার? ৩৯ বছর পর ফাঁস হল সবথেকে বড় সিক্রেট!

শুরু হয়ে গিয়েছে বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’র নতুন মরশুম। ঘরের ভেতরে ১৫ জন প্রতিযোগী ইতিমধ্যেই তাঁদের খেলা শুরু করে দিয়েছেন। তবে শো শুরুর পর থেকেই দর্শকের মনে সবথেকে বড় কৌতূহল যে বিষয়টি নিয়ে তৈরি হয়, তা হল বিগ বসের সেই গুরুগম্ভীর কন্ঠস্বরের নেপথ্যে আসলে কে আছেন? এতদিন পর্দার আড়ালে থাকা সেই রহস্য এবার নিজেই ফাঁস করলেন টেলিভিশনের চেনা মুখ সোহন বন্দ্যোপাধ্যায়।
এতদিন দর্শকদের কৌতুহল থাকলেও প্রথম ও দ্বিতীয় মরশুমে (২০১৩ ও ২০১৬) বিগ বসের সেই বিখ্যাত কন্ঠস্বর যে তাঁরই ছিল, তা এতদিন গোপন রেখেছিলেন অভিনেতা। সম্প্রতি একটি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো লিখিত চুক্তি বা ‘নন ডিসক্লোসার ক্লজ’ না থাকলেও ঘনিষ্ঠ বৃত্তের বাইরে তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেননি। যদিও শোয়ের শেষে প্রতিযোগীরা তাঁকে চিনে ফেলায় ইন্ডাস্ট্রির অন্দরে বিষয়টি নিয়ে কিছুটা গুঞ্জন ছড়িয়েছিল।
তাহলে এত বছর পর কেন সত্যতা প্রকাশ করলেন অভিনেতা? জানা গিয়েছে, এবারেও প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁকে বিগ বসের ভয়েসওভারের জন্য অফার করা হয়েছিল। কিন্তু দীর্ঘ দশ বছরের ব্যবধানে তাঁর কাজের পরিধি, আর্থিক পারিশ্রমিক এবং পারিবারিক পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন।
আর সোহন বন্দ্যোপাধ্যায় না থাকায় এবারের সিজনে বিগ বসের সেই গলার দায়িত্বে কে এসেছেন? সূত্রের খবর, গম্ভীর ও ভারী কণ্ঠস্বরের জন্য পরিচিত বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে এবার বিগ বসের নেপথ্য কন্ঠ হিসেবে বেছে নেওয়া হয়েছে। পর্দার আড়াল থেকে এই জনপ্রিয় তারকা কীভাবে ঘর পরিচালনা করেন, এখন সেটাই দেখার।