‘এ বার রেকর্ড ভাঙতে হবে,’ ননন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিরাট হুংকার শুভেন্দুর

উপনির্বাচনের আগে সোমবার প্রশাসনিক সভা থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিপুরে নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ হাজার টাকা অনুদান এবং আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের বার্তা দেন তিনি। তবে সমস্ত ঘোষণাকে ছাপিয়ে এদিনের সভায় নজর কেড়েছে নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে তাঁর মন্তব্য।
এদিন সভামঞ্চ থেকে নন্দীগ্রামে রেকর্ড ভোটে বিজেপির জয় নিশ্চিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অতীতে ৮২ হাজার ভোটে জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এবারে সেই রেকর্ড ভেঙে আরও বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনতে হবে। শুধু তাই নয়, ফালতার জয়ের পরিসংখ্যান টেনে এনে তাকেও ছাপিয়ে যাওয়ার টার্গেট দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি নন্দীগ্রাম তাঁর সরকারের তালিকার এক নম্বর অগ্রাধিকার থাকবে।
উল্লেখ্য, ফালতার পুনর্নিবাচনে ৮৮.১৩ শতাংশ ভোট পড়ায় বিজেপি ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। সেই মার্জিনকেই এবার নন্দীগ্রামে টপকে যাওয়ার বার্তা দিলেন শুভেন্দু।
এদিনের সভা থেকে এলাকার পরিকাঠামো উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। হরিপুরে নতুন দমকল কেন্দ্র চালু হওয়ায় এখন থেকে আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে কাঁথি বা হলদিয়ার ওপর নির্ভর করতে হবে না এলাকাবাসীকে। পাশাপাশি, রামজি জব কার্ডের অধীনে ১২৫ দিনের কাজের সূচনা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ৩০ হাজার টাকা করে সরাসরি তহবিল হস্তান্তরের পাশাপাশি আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে ৬৭ হাজার মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আরও পাঁচ হাজার আবেদন বর্তমানে যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি।