ডাচদের সাম্রাজ্য ধূলিসাৎ! নেদারল্যান্ডসকে ঘরের মাঠে কাঁদিয়ে মেয়েদের হকিতে ফের বিশ্বসেরা মেসির দেশ

মহিলাদের হকি বিশ্বকাপে দীর্ঘদিনের ডাচ আধিপত্যে এবার বড় ধাক্কা দিল আর্জেন্তিনা। ২০১৪ থেকে টানা তিনটি হকি বিশ্বকাপ জেতা নেদারল্যান্ডসকে তাদেরই ঘরের মাঠে শুটআউটে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আর্জেন্তিনার মেয়েরা। লিয়োনেল মেসির দেশের এই ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে উল্লাসে মেতেছেন ক্রীড়াপ্রেমীরা।

নেদারল্যান্ডসের আমস্তেলভিনে অনুষ্ঠিত এই ফাইনালে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় শুটআউটে। যেখানে ডাচদের ৩-১ ব্যবধানে পরাস্ত করে শিরোপা নিজেদের করে নেয় ‘লাস লিয়োনাস’ শিবির।

কীভাবে এল এই জয়? ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জিবি জানসেন গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন। চলতি টুর্নামেন্টে এটি ছিল তাঁর অষ্টম গোল। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি আর্জেন্তিনা। চতুর্থ কোয়ার্টারের ৫৪ মিনিটে মারিয়া গ্রানাত্তো গোল শোধ করে ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করান। এরপর শুটআউটে আর্জেন্তিনার গোলরক্ষক ক্রিস্তিনা কোয়েস্তিনো দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে একাধিক সেভ করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। এর আগে ২০০২ এবং ২০১০ সালেও ফাইনালে এই নেদারল্যান্ডসকেই হারিয়ে বিশ্বসেরা হয়েছিল আর্জেন্তিনা। রবিবারের এই জয়ে ২০২২ সালের হকি ফাইনালের হারের মধুর বদলাও নিলেন লাতিন আমেরিকার এই তারকারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *