চোখের পলকে অ্যাকাউন্ট থেকে উধাও ১ কোটি টাকার বেশি! সর্বভারতীয় গ্যাংয়ের খপ্পরে পড়া এই ব্যক্তির ঘটনায় এল বড় রায়

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার মতো গুরুতর সাইবার অপরাধের ঘটনায় বড় মোড় এল। মামলার গুরুত্ব বিচার করে এই বিশাল অঙ্কের জালিয়াতির তদন্তভার সরাসরি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই-এর (CBI) হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কী ঘটেছিল ঘটনায়?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের বাসিন্দা মিহির কুমার রায় নামের এক ব্যক্তি সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (TRAI), পুলিশ এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে একদল দুষ্কৃতী তাঁকে ফোন করে। গ্রেফতার এবং কঠোর আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে তাঁকে চরম মানসিক চাপে রাখা হয়। এরপর প্রতারকদের কথা মতো বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা পাঠাতে বাধ্য হন ওই ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা রুজু করা হয়েছিল।
কেন সিবিআই তদন্তের নির্দেশ?
সম্প্রতি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার শুনানিতে পর্যবেক্ষণে জানান যে, এই অপরাধের জাল কেবল একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর স্পষ্ট সর্বভারতীয় যোগ রয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকা এবং প্রধান বিচারপতির বেঞ্চের ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত উদ্বেগের বিষয়টিকে মাথায় রেখেই আদালত এই তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সাইবার অপরাধের এই ক্রমবর্ধমান প্রবণতার মাঝে হাইকোর্টের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।