মৃত ছাড়াল সাড়ে ৬০০, নিখোঁজ ২৪০০! এরমধ্যেই নেপাল জুড়ে ফের ভারী বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা!

ভয়াবহ হড়পা বান এবং পাহাড় ধসের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নেপাল। এর মাঝেই ফের নতুন করে বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাসে গোটা দেশজুড়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় নতুন করে ভারী বৃষ্টি হলে শুধুমাত্র উদ্ধারকাজই ব্যাহত হবে না, নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
ভয়াবহ প্রাণহানি ও নিখোঁজের পরিসংখ্যান:
প্রশাসনের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি, এখনও পর্যন্ত ২৪০০ জনেরও বেশি মানুষের খোঁজ মেলেনি। কোশি, বাগমতী এবং গান্ডাকি প্রদেশের বিভিন্ন পাহাড়ি ও পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় নদীর গতিপথে নতুন করে প্রাকৃতিক জলাধার বা ‘ব্যারিয়ার লেক’ তৈরি হওয়ায় বিপদের আশঙ্কা আরও বহুগুণ বেড়ে গিয়েছে।
উদ্ধারাজে নামানো হয়েছে ১৫ হাজার কর্মী:
পরিস্থিতি মোকাবিলায় নেপাল সেনা, পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ হাজারের বেশি কর্মী উদ্ধার ও ত্রাণকাজে দিনরাত পরিশ্রম করে চলেছেন। দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে স্থলপথে পৌঁছানো অসম্ভব হওয়ায় হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। তবে আবহাওয়ার অবনতি ঘটলে উদ্ধারকাজ মার খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, একদিকে ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং অন্যদিকে নদীর জলস্তর ও নতুন বৃষ্টির চোখরাঙানি—এই দুইয়ের জেরে হিমালয়ের এই দেশটির বিপদ এখনও কাটেনি বললেই চলে।