বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটের পাহাড়! ব্যাগে করে ট্রেনযাত্রার সময় হাতেনাতে ধরা পড়ল যুবক

বহু বছর আগে কেন্দ্র সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করলেও এখনও যে চক্রের মাধ্যমে এই অবৈধ নোট হাতবদল হচ্ছে, তার প্রমাণ মিলল হাতেনাতে। বিপুল পরিমাণ বাতিল নোট নিয়ে ট্রেনে যাতায়াত করার সময় এক যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি ও এনজেপি জিআরপি পুলিশ। উদ্ধার হওয়া পুরনো নোটগুলির মোট আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬৩ হাজার টাকা।
কীভাবে ধরা পড়ল অভিযুক্ত?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ওত পাতে শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্ল্যাটফর্মে পৌঁছলে ট্রেনের জেনারেল কামরায় তল্লাশি শুরু হয়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথায় অসঙ্গতি মেলায় পিঠের ব্যাগে তল্লাশি চালানো হয়। আর ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের! উদ্ধার হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার একাধিক বান্ডিল।
কোথা থেকে এল এই টাকা?
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবকের পরিচয় জানা গিয়েছে। ধৃতের নাম সন্তোষ কুমার (২৫), বাড়ি বিহারের মতিহারী এলাকায়। তবে সে গত সাত বছর ধরে পরিবারের সঙ্গে অসমের জালুকবাড়ি এলাকায় থাকত। গুয়াহাটি থেকেই সে ওই ট্রেনে উঠেছিল এবং তাঁর হাতে ওই টাকার বান্ডিলগুলি তুলে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। এই বিপুল পরিমাণ বাতিল নোটের আসল উৎস কী, কার কাছ থেকে সে এগুলি পেয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।