রাস্তা আটকে সভা করলেই সোজা এফআইআর! আইনি গেরোয় ফেঁসে বড় বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হওয়া একটি এফআইআরের জেরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

গত ২৮ আগস্ট কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তবে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, রাস্তার অন্তত একদিক খোলা রাখতে হবে, ১৫০০ জনের বেশি কর্মী উপস্থিত থাকতে পারবেন না এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু পুলিশের অভিযোগ, নির্ধারিত এই সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও সভা চলেছে এবং রাস্তার দুই দিকই আটকে রাখা হয়েছে।

এই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করে পুলিশ ও প্রশাসন। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এই সমাবেশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চরম আক্রমণ শানিয়েছিলেন মমতা। এমনকি তৃণমূল নেতাকর্মীদের উপর অত্যাচার চললে তিনি আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকিও দেন। একের পর এক রাজনৈতিক উত্তেজনার মাঝে আইনি এই জট প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিড়ম্বনা আরও বহুগুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *