খাদ্য সুরক্ষা বিধি নিয়ে গোঁয়ার্তুমি! তুকারাম মুন্ডের এফডিএকে তুলোধনা করে কড়া নির্দেশ আদালতের

মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে অবস্থিত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)-এর পাঁচটি রেস্তোরাঁ বন্ধ রাখা নিয়ে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এবং তার প্রধান তুকারাম মুন্ডের ভূমিকায় প্রবল অসন্তোষ প্রকাশ করল বম্বে হাইকোর্ট। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ওই রেস্তোরাঁগুলির লাইসেন্স স্থগিত করেছিল এফডিএ। কিন্তু নতুন পরিদর্শনে রেস্তোরাঁগুলি ৮৮ শতাংশ নিয়ম মেনে চলার রিপোর্ট জমা পড়ার পরেও প্রশাসনের কঠোর অবস্থান দেখে ক্ষুব্ধ হয় আদালত। শুনানিতে বিচারপতির সরাসরি প্রশ্ন ছিল, প্রশাসনের এমন গোঁয়ার্তুমি দেখে মনে হয় আপনারা বুঝি ‘ভগবান’! এমনকি আদালতের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত এমসিএ চত্বরের পাঁচটি খাবারের দোকান ও রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত করাকে কেন্দ্র করে। রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে এফডিএ এই পদক্ষেপ করলেও পরবর্তীতে মামলার শুনানিতে জমা পড়া নতুন রিপোর্টে দেখা যায়, রেস্তোরাঁগুলি খাদ্য সুরক্ষা সংক্রান্ত অর্ধেকের বেশি বিধি যথাযথভাবে মেনে চলছে। তা সত্ত্বেও লাইসেন্স বহাল না রাখার মূল কারণ ছিল পরিচালনাগত ত্রুটি। এমসিএ-র লাইসেন্স থাকা সত্ত্বেও বাস্তবে ওই রেস্তোরাঁগুলি ‘শিরকে ইনফ্রাস্ট্রাকচার’ নামের একটি বেসরকারি সংস্থা পরিচালনা করছে—এই নিয়েই আপত্তি তোলে এফডিএ।

আদালত এই অবস্থানকে অবাস্তব ও অযৌক্তিক বলে খারিজ করে দেয়। বিচারপতির স্পষ্ট নির্দেশ, নতুন করে এমসিএকে নোটিস দিয়ে তাদের বক্তব্য শোনার সুযোগ দিতে হবে এফডিএকে। যেহেতু বর্তমান পরিদর্শনে রেস্তোরাঁগুলি বিধি মেনে চলার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখিয়েছে, তাই লাইসেন্স স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে পাঁচটি রেস্তোরাঁই পুনরায় খোলার অনুমতি দিল বম্বে হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *