‘আপনার উদারতা আমাদের অভিভূত করেছে!’ হিমবাহ ধসের বিভীষিকার মাঝে ভারতের মহৎ উদ্যোগে মুগ্ধ নেপাল

হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় ছারখার হয়ে যাওয়া নেপালের পাশে ত্রাতা হিসেবে দাঁড়িয়েছে ভারত। ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে ঘটা এই প্রলয়ঙ্করী বিপর্যয়ে ৬২৬ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। চারদিকে যখন ধ্বংসস্তূপ আর হাহাকার, ঠিক সেই কঠিন পরিস্থিতিতে নেপালের পুনর্গঠন ও পুনর্বাসনে উদারহস্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের এই নিঃস্বার্থ সহযোগিতায় অভিভূত হয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপর্যয়ের পরপরই নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে ফোনে কথা বলে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। ইতিমধ্যেই এনডিআরএফ টিম, চিকিৎসকদের বিশেষ দল এবং ১০ টন ত্রাণ সামগ্রী ও জেনারেটর নিয়ে নেপালে পৌঁছেছে ভারতীয় উদ্ধারকারী দল। নেপালের অর্থমন্ত্রী স্বর্নিম ওয়াগলে জানিয়েছেন, কেবল উদ্ধারকাজ নয়, দেশের ভাঙাচোরা পরিকাঠামো পুনর্নির্মাণেও ভারত সরকার উদারভাবে সাহায্য করার ইঙ্গিত দিয়েছে। এই চরম বিপদের দিনে ভারতের এই দ্রুত ও সদয় পদক্ষেপে বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা পেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *