প্রয়াত আশিসের বাড়িতে সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু! ‘তদন্ত হবে’, কড়া আশ্বাস দিয়ে পরিবারকে কী বললেন তিনি?

প্রশাসনিক বৈঠকের সমস্ত ব্যস্ততা দূরে সরিয়ে সোজা প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাতে ফুল ও মিষ্টি নিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এরপর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় আশ্বাস দিয়ে বলেন, “তদন্ত হবে।” আশিসের স্ত্রীকে তিনি ন্যায়বিচারের পূর্ণ আশ্বাস দিয়ে এসেছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে যে বিজেপির তরফে আশিস বন্দ্যোপাধ্যায়কে কখনই কোনোভাবে বিরক্ত করা হয়নি। এমনকি বিধানসভা নির্বাচনে জেতার পর স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তাঁকে সয়ং বাড়িতে এসে প্রণামও করেছিলেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল বীরভূমে তাঁর প্রথম সফর। এদিন প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে এবং আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করার পর রামপুরহাটের রক্তকরবী সভাগৃহে প্রায় দু’ঘণ্টা ধরে একটি রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক সারেন শুভেন্দু। তবে এই প্রশাসনিক বৈঠকের থেকেও বেশি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বৈঠকে বিভিন্ন বিরোধী শিবিরের জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে। এদিনের বৈঠকে শতাব্দী রায়, অসিত মাল ও কাজল শেখের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক কাজ সেরে রামপুরহাটের হাটতলা পাড়ায় প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। প্রয়াত নেতার ছেলে শতদল বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুল-মিষ্টি তুলে দিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন। আশিসবাবুর সঙ্গে তাঁর পুরোনো ব্যক্তিগত স্মৃতির কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ১৬ অগস্ট নিজের বাড়ির কাছের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি নোটে আর্থিক অনিয়মের অভিযোগের কথা সামনে আসায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। বীরভূম সফরের ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর এই আকস্মিক বাড়ি ভিজিট ও কড়া তদন্তের আশ্বাস এই রহস্যের জট কত দ্রুত খোলে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *