মাত্র ৭০ হাজার টাকায় নিজের পাঁচ দিনের সন্তানকে বিক্রি! মালেগাঁওয়ের এই চাঞ্চল্যকর ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের

মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁও থেকে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, মাত্র ৭০,০০০ টাকার বিনিময়ে নিজের পাঁচ দিনের নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক মা। এই ঘটনায় অভিযুক্ত ফারজানা চাঁদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারজানার অল্পদিনেই বিবাহবিচ্ছেদ হয় এবং গত জুলাই মাসে তিনি একটি সন্তানের জন্ম দেন। এরপরই নবজাতকটিকে বিক্রি করে দেওয়ার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। পুলিশের একটি মামলার তদন্তের সময় ফারজানার মাতৃত্বকালীন ফাইল হাতে আসতেই আসল রহস্য ভেদ হয়। জেরার মুখে নিজের সন্তানকে বিক্রি করার কথা স্বীকারও করেছেন ওই মহিলা।

এই ঘটনায় ফারজানাসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে পাওয়ারওয়াড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে গিয়ে তামিলনাড়ুর সঙ্গে এর সম্ভাব্য যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। শিশুটিকে উদ্ধার এবং চক্রের বাকি পাণ্ডাদের ধরতে তল্লাশি চলছে।

এদিকে, অভিযুক্ত মহিলার আইনজীবী পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, সম্পূর্ণ জাল নথির ভিত্তিতে এই মামলা সাজানো হয়েছে। আইনজীবীর এই পালটা দাবিও খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। নবজাতক বিক্রির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *