‘পড়াশোনা কেমন চলছে, সবজি খাও তো?’ রাখির দিনে খুদেদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন প্রধানমন্ত্রী

আজ রাখিবন্ধন উৎসব। ভাই ও বোনের মধ্যকার পবিত্র সম্পর্ককে আরও সুদৃঢ় করার এই বিশেষ দিনে স্নেহের ডোরে বাঁধা পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এবারও নিজের বাসভবনে খুদে পড়ুয়াদের হাত থেকে রাখি পরে এই উৎসব উদ্যাপন করেছেন তিনি।
এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে উপস্থিত হয় একদল ছোট্ট পড়ুয়া। তাদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। ছোটদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের সঙ্গে হাই-ফাইভও করেন তিনি। এরপর চেয়ারে বসে একে একে সমস্ত খুদের কাছ থেকে রাখি পরেন মোদী।
পড়ুয়াদের পরানো প্রতিটি রাখি পরম যত্ন সহকারে খুঁটিয়ে দেখেন তিনি। এই বিশেষ দিনে খুদেরা কেউ পরে এসেছিল ‘বন্দে মাতরম’ লেখা রাখি, আবার কেউ সঙ্গে এনেছিল সম্পূর্ণ প্রাকৃতিক পাতা দিয়ে তৈরি অভিনব রাখি। শুধু রাখি পরেই শেষ নয়, খুদেদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। তাদের কাছে জানতে চান পড়াশোনা কেমন চলছে এবং বাড়িতে ঠিকমতো ফল-সবজি খাওয়া হচ্ছে কি না।
প্রধানমন্ত্রীর এই সহজ ও স্নেহশীল আচরণে আপ্লুত হয়ে ওঠে ছোটরাও। তারা মজাচ্ছলে মোদীর সঙ্গে নানান কথা ভাগ করে নেয়। সেই সঙ্গে জানায়, কীভাবে প্রধানমন্ত্রী তাদের প্রতিদিনের জীবনে নতুন প্রেরণা জুগিয়ে চলেছেন। শুধু গল্প করেই ক্ষান্ত থাকেনি তারা, উপস্থিত প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে ও কবিতা পাঠ করেও তাক লাগিয়ে দেয় ওই খুদেরা।