মাংস খাওয়ার আবদার করায় ছেলেকে খুনের অভিযোগ, গ্রেপ্তার হলেন মা-বাবা

পবিত্র শ্রাবণ মাসে আমিষ খাওয়ার আবদার করায় খোদ ছেলের প্রাণ নেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুনের ওয়ারজে মালওয়াড়ি এলাকার রামনগরে গত ২৪ অগস্ট এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। পুলিশ এই মামলায় অভিযুক্ত বাবা এবং প্রমাণ লোপাটের অভিযোগে মৃত যুবকের মা—দুজনেই গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহেশ ভাগবত গায়কোয়াড়। তিনি বেকার ছিলেন এবং নিয়মিত মদ্যপান করতেন। এই বদভ্যাসের কারণে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেলেও, খাওয়ার জন্য তিনি প্রায়দিনই বাবা-মায়ের ঘরে আসতেন। ঘটনার দিনও রাতে মদ্যপান করে বাড়িতে এসে মহেশ জোর করে মাংস রান্না করার দাবি জানান। নিয়ম মেনে গায়কোয়াড় পরিবারে শ্রাবণ মাসে আমিষ খাবার রান্না নিষিদ্ধ থাকায় বাবা-মা তাতে তীব্র আপত্তি জানান।

এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ৬৪ বছর বয়সি বাবা ভাগবত সূর্যবাহন গায়কোয়াড় ক্ষিপ্ত হয়ে ছেলেকে মারধর করেন বলে অভিযোগ। সেই মারধরের ফলেই ঘটনাস্থলে মহেশের মৃত্যু হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, এই হত্যাকাণ্ডের পর পুলিশকে তো দূরের কথা, কাউকে না জানিয়ে খুনের প্রমাণ লোপাটের চেষ্টা করেন মৃতের মা প্রভাতী গায়কোয়াড়। ঘর থেকে রক্তের দাগ মুছে ফেলে পুরো ঘটনাটিকে নিছক একটি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়।

পরবর্তীতে নিহতের দাদার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ তদন্তে নামে। খুনের অভিযোগে বাবা ভাগবতকে গ্রেপ্তার করার পাশাপাশি, অপরাধ ঢাকতে সাহায্য করার অপরাধে মা প্রভাতীকেও পুলিশ জালে তুলেছে। এই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *