পুজোর আগেই পকেট ভারী হচ্ছে সরকারি কর্মীদের! ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধি থেকে বোনাস নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্য পুলিশের জীবন রক্ষা পদক প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এদিনের এই অনুষ্ঠান থেকে কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের বার্তার পাশাপাশি ডিএ বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন এবং উৎসবের বোনাস নিয়ে বড় সুখবর পেয়েছেন রাজ্যের কোটি কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সমন্বয়ের যে অভাব দেখা দিয়েছিল, এবার থেকে কেন্দ্র ও রাজ্য সরকার পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কাজ করবে। তাঁর মতে, এই ইতিবাচক সম্পর্কের সরাসরি প্রভাব পড়বে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ থেকে শুরু করে সপ্তম বেতন কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে।

এদিনের ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের জন্য একলাফে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা জানানো হয়েছে। রাজ্য সরকার এই বড় ঘোষণা করলেও এর পরেও কেন্দ্রের সঙ্গে ডিএ-র ক্ষেত্রে ২২ শতাংশের যে ফারাক রয়ে গিয়েছে, তা শীঘ্রই মিটে যাবে বলে নবান্ন সূত্রে খবর মিলেছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়েও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। পুলিশের এই মঞ্চ থেকেই কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ করার কথা বলেছেন তিনি।

পাশাপাশি, আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে সরকারি কর্মীদের জন্য বোনাস ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, যা পুজোর আগে বাড়তি স্বস্তি জোগাবে কর্মচারীদের। রাজ্য অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের আগামী ১ অক্টোবর থেকেই মূল বেতনের উপর এই ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর হবে। ফলে পুজোর আগেই মোটা অঙ্কের টাকা হাতে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী ও পুলিশকর্মীরা।

কেবল বর্তমান কর্মীরাই নন, এই আর্থিক সুবিধার আওতায় আসছেন রাজ্য সরকারের সমস্ত পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। পাশাপাশি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরাও এই ডিএ এবং ডিআর বৃদ্ধির সুবিধা হাতে পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *