তৃণমূল নেতার ‘সেটিং’ বৈঠক? গাড়ি আটকে বিজেপি কর্মীদের ধুন্ধুমার বিক্ষোভ, কান্ডে তোলপাড় মিনাখাঁ!

‘সেটিং’ বৈঠকের গোপন অভিসন্ধি! আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেল ধুন্ধুমার রাজনৈতিক কাণ্ড। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে খোদ পদ্ম শিবিরের কর্মী-সমর্থকদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়লেন মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামী তথা জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল। গাড়ি আটকে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হেনস্থা করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছিল মিনাখাঁয়?

স্থানীয় সূত্রে খবর, মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলকে একটি গাড়ি আটকে বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কিছু মানুষ, যাঁরা এলাকায় বিজেপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ, শাসকদলের ওই নেতার বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ তুলে তাঁর গাড়িতে জোর করে তল্লাশিও চালানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভে রাজনৈতিক উত্তেজনায় পারদ চড়ে এলাকার।

কী বলছেন দুই পক্ষ?

বিজেপির একাংশের জোরালো দাবি, বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি রাজেন্দ্রনাথ সাহার সঙ্গে গোপনে সমঝোতা বা ‘সেটিং’ বৈঠক করতেই সেখানে হাজির হয়েছিলেন ওই তৃণমূল নেতা।

পাল্টা সাফাই দিয়ে মৃত্যুঞ্জয় মণ্ডল সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই তিনি বিজেপি নেতা সঞ্জীব সরকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু আচমকাই কিছু লোক এসে তাঁর গাড়ির পথ আটকায় এবং অবান্তর প্রশ্ন তুলে হেনস্থা করতে শুরু করে। অন্যদিকে, এই ঘটনার পেছনে সম্প্রতি দলবদল করে তৃণমূলকুল থেকে বিজেপিতে নাম লেখানো কিছু নতুন সদস্যের উসকানি রয়েছে বলেই দাবি করেছেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রাজেন্দ্রনাথ সাহা। গোটা পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *