ডায়েটে একঘেয়ে চিকেন খেয়ে বিরক্ত? তেল-মশলা কম রেখেই বানান এই সুস্বাদু ‘জিরা চিকেন’, রইল রেসিপি

জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকাল অনেকেই স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছেন। তাঁদের একটাই দাবি, খাবার সুস্বাদু হওয়ার পাশাপাশি যেন যথেষ্ট হেলদিও হয়। কিন্তু স্বাস্থ্যকর খাবার মানেই তা যে স্বাদহীন হতে বাধ্য, এই ধারণায় এখনও বিশ্বাস করেন অনেকে। অথচ টলিপাড়া থেকে বলিউড— বহু সেলিব্রিটিই তাঁদের দৈনন্দিন ডায়েটে এমন সুস্বাদু ও পুষ্টিকর খাবার রাখেন, যা শরীর সুস্থ রাখার পাশাপাশি মনও ভরিয়ে দেয়। আজ তেমনই একটি দারুণ স্বাস্থ্যকর এবং লোভনীয় রেসিপি আপনাদের জন্য, যার নাম ‘জিরা চিকেন’।
প্রোটিনের অন্যতম সেরা উৎস হলো চিকেন। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট করেন কিংবা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, তাঁদের কাছে চিকেনের বিভিন্ন পদ সবসময়ই তালিকার শীর্ষে থাকে। কম তেলে তৈরি এই জিরা চিকেন যেমন শরীরের পক্ষে উপকারী, তেমনই স্বাদেও অনবদ্য। এক নজরে দেখে নেওয়া যাক সুস্বাদু এই পদ বানানোর সহজ পদ্ধতি:
জিরে চিকেনের প্রয়োজনীয় উপকরণ:
মুরগির মাংস – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ১টি
আদা বাটা – ১ টেবিল চামচ
গোটা জিরে – ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা – ৫-৬টি
হলুদ গুঁড়ো – ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – দেড় টেবিল চামচ
ধনে গুঁড়ো – দেড় টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
ঘি – ৫ টেবিল চামচ
ধনেপাতা কুচি ও লেবুর রস (পরিমাণমতো)
নুন (স্বাদমতো)
রান্নার সহজ প্রণালী:
১. প্রথমে একটি শুকনো কড়াইতে ১ টেবিল চামচ গোটা জিরে হালকা আঁচে ড্রাই রোস্ট বা ভেজে নিন। জিরে থেকে সুগন্ধ বের হলে নামিয়ে গুঁড়ো করে রাখুন।
২. এবার অন্য একটি কড়াইতে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি ও মুচমুচে করে ভেজে নিন। পেঁয়াজ ভাজার পর তার মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা জিরে মিশিয়ে দিন।
৩. এরপর কড়াইতে একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
৪. মশলা থেকে যখন তেল বা ঘি ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস এবং মশলা একসঙ্গে কষাতে থাকুন।
৫. মাংসের মধ্যে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর কড়াই ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন এবং মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করুন।
৬. মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং অতিরিক্ত জল শুকিয়ে এলেই উপর থেকে কুচোনো ধনেপাতা ও সামান্য লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর জিরা চিকেন! গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন এই দারুণ পদটি।