ভারতের বুলেট ট্রেনের টপ স্পিড কত হবে? জেনে নিন বিস্তারিত

বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যের পর ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে আরও এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মনে এখন একটাই কৌতূহল— কবে দেশের মাটিতে ছুটবে বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন? জনগণের সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই হাই-স্পিড ট্রেন চালুর ঘোষণা করেছে কেন্দ্র। শুধু ঘোষণাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেললাইন পাতা এবং ইলেকট্রিফিকেশনের কাজ। আপনিও যদি এই দ্রুতগতির ট্রেনে চড়ার অপেক্ষায় থাকেন, তবে জেনে নিন এর চালুর সম্ভাব্য তারিখ, রুট এবং টপ স্পিড সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

ভারতে কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন?

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে বুলেট ট্রেন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এই মুহূর্তে কাজের যা গতিপ্রকৃতি, তাতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের ১৫ অগাস্ট দেশের মাটিতে প্রথমবার বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারে বুলেট ট্রেন। স্বাধীনতা দিবসের দিন এই মেগা প্রকল্প চালু হলে ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক বিপ্লব আসবে।

কোন রুটে চলবে এবং গতি কত হবে?

দেশের প্রথম বুলেট ট্রেনটি চলবে বাণিজ্যনগরী মুম্বই থেকে গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত। এই পুরো রুটের দূরত্ব প্রায় ৫০৮ কিলোমিটার। প্রচলিত ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে যেখানে প্রায় ৬ ঘণ্টা সময় লাগত, সেখানে বুলেট ট্রেনে এই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা

রেল সূত্রে জানানো হয়েছে, এই সুপার-ফাস্ট ট্রেনের সর্বোচ্চ গতি বা টপ স্পিড হবে প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার। তবে এর গড় গতি বা এভারেজ স্পিড ঠিক কত হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কোন কোন স্টেশনে থামবে?

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডরে বেশ কয়েকটি আধুনিক স্টেশনের পরিকল্পনা করা হয়েছে। ট্রেনটি যে সমস্ত স্টেশনে থামবে সেগুলি হল:

  • মুম্বই

  • থানে

  • বিরার

  • বোইসার

  • ভাপি

  • বিলিমোরা

  • সুরাট

  • ভরুচ

  • ভাদোদরা

  • আনন্দ

  • আহমেদাবাদ

  • সবরমতী

বর্তমান কাজের গতিপ্রকৃতি এবং ভাড়া

সাধারণ রেলওয়ে লাইনে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়, তাই এই হাই-স্পিড ট্রেনের ধকল সইতে সক্ষম বিশেষ করিডর ও নতুন লাইন পাতা হচ্ছে। এর পাশাপাশি বিদ্যুতায়নের (Electrification) কাজও শেষ পর্যায়ে। এই সমস্ত কাজ সম্পূর্ণ হলেই শুরু হবে পরীক্ষামূলক দৌড় বা টেস্ট রান।

তবে টিকিটের ভাড়া নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ ট্রেন বা বন্দে ভারতের তুলনায় বুলেট ট্রেনের টিকিটের দাম অনেকটাই বেশি হবে। যদিও রেলের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করা হয়নি। সবমিলিয়ে, ২০২৭ সালের ১৫ আগস্টের অপেক্ষায় দিন গুনছেন দেশবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *