স্টাম্প মাইকে ধরা পড়ল সরফরাজের বিস্ফোরক কথপোকথন! লঙ্কানদের আত্মবিশ্বাস ভাঙতেই যা করলেন ভারতীয় ব্যাটার!

‘ভয় পেও না, তুমিই তো অধিনায়ক!’, শ্রীলঙ্কার অধিনায়ককে স্লেজিং সরফরাজের, তার পরেই যা হল

কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় দলের ফিল্ডিংয়ে যেমন টানটান উত্তেজনা দেখা গেল, তেমনই মাঠের মধ্যে সরফরাজ খানের স্লেজিং ও বুদ্ধিমত্তা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল। চোট পাওয়া ঋষভ পন্থের বদলি হিসেবে মাঠে নেমে নিজের চেনা মেজাজে লঙ্কান ব্যাটারদের মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলতে দেখা যায় সরফরাজকে। তাঁর এই কথার লড়াইয়ের পরেই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও উইকেটকিপার নিরোশন ডিকভেলা।

কী ঘটেছিল ঠিক মাঠে? ঘটনাটি ঘটে মানব সুথারের ওভার শুরু হওয়ার ঠিক আগে। বোলারের পিছনে কিছু একটা নড়াচড়া দেখে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় আচমকাই খেলা থামিয়ে দেন। আর এই সুযোগটাই লুফে নেন শর্ট লেগে পজিশন নেওয়া সরফরাজ খান। তিনি সোজাসুজি লঙ্কান ক্যাপ্টেনকে কটাক্ষ করে বলতে শুরু করেন। স্টাম্প মাইকে স্পষ্টভাবে ধরা পড়ে সরফরাজের সেই কথা— “কিছুই নেই, ভাই। তুমি ওদিকে তাকাচ্ছ। শুধু সময় নষ্ট করছ। ভয় পেয়ো না। তুমিই তো অধিনায়ক!” এখানেই থেমে থাকেননি তিনি, এরপরেও ধনঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, “ওদিকে কেন তাকাচ্ছ? সোজা দিকে তাকাও।”

ম্যাচের মোড় ঘোরাল যে মুহূর্ত: সরফরাজের এই মনস্তাত্ত্বিক চাপের ফল হাতেনাতে মিলল। এই ঘটনার মাত্র কয়েকটা বল পরেই, অর্থাৎ ৩৫তম ওভারের পঞ্চম বলে ধনঞ্জয়কে আউট করে সাফল্য এনে দেন মানব সুথার। মিডল স্টাম্পে করা একটি ফ্লাইটেড ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে বল লাগান লঙ্কান অধিনায়ক। ধ্রুব জুড়েলের গ্লাভস ছুঁয়ে বল সোজা চলে যায় স্লিপে, যার ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার প্রতিরোধ।

এরপর নিরোশন ডিকভেলার সঙ্গেও একইভাবে কথার লড়াই ও হাসিঠাট্টায় মেতে ওঠেন সরফরাজ। তবে শেষ হাসি হাসে টিম ইন্ডিয়াই, কারণ অল্প রান করেই সাজঘরে ফিরতে বাধ্য হন ডিকভেলাও। সরফরাজের এমন আগ্রাসী ও চতুর মানসিকতা যে বিপক্ষ শিবিরকে সহজে কোণঠাসা করে দিতে পারে, তা এই দিন আরও একবার প্রমাণ হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *