মোহন ভাগবতের মার্কিন সফর ঘিরে তুলকালাম! নিউ ইয়র্কের মেয়রের চরম বিরোধিতায় গর্জে উঠলেন হলিউডের এই জনপ্রিয় তারকা!

মোহন ভাগবতের মার্কিন সফরের তীব্র বিরোধিতা নিউ ইয়র্কের মেয়রের, মামদানিকে ‘সমাজতান্ত্রিক উন্মাদ’ বলে কটাক্ষ মার্কিন গায়িকার
নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতের আসন্ন অনুষ্ঠান ঘিরে মার্কিন মুলুকে চরমে উঠেছে রাজনৈতিক বিতর্ক। এই অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন নিউ ইয়র্ক সিটির ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি। আর তাঁর এই বিরোধিতার পরেই পাল্টা আক্রমণ শানিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী মেরি মিলবেন। স্পষ্ট ভাষায় মামদানিকে ‘সমাজতান্ত্রিক উন্মাদ’ বলে তোপ দেগেছেন তিনি।
কী নিয়ে বিতর্ক? আগামী ২৯ আগস্ট ম্যানহাটনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ বা ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। হিন্দু-আমেরিকান সম্প্রদায়কে একত্রিত করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছে। তবে এই কর্মসূচির তীব্র সমালোচনা করে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সাফ জানিয়ে দেন যে তিনি এই সমাবেশকে সমর্থন করেন না। তাঁর দাবি, এই ধরনের আন্দোলন মূলত বিভাজনমূলক।
আমেরিকান গায়িকার কড়া জবাব: মামদানির এই আপত্তির পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিশিষ্ট হলিউড গায়িকা মেরি মিলবেন। এক্স (পূর্বে টুইটার)-এ এক পোস্টে তিনি লেখেন, “মামদানি এবং এই সমস্ত সমাজতান্ত্রিক উন্মাদেরা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে মোহন ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করছে, কারণ তারা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরোধী।”
পুঁজিবাদী নীতি ও আমেরিকার মুক্তবাজার ব্যবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “যেহেতু এই উন্মাদেরা সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী, তাই তারা পুঁজিবাদ বোঝে না। ম্যাডিসন স্কোয়ার গার্ডেন সমাজতন্ত্রীদের প্রলাপের তোয়াক্কা না করে পুঁজিবাদের নিয়মেই চলে। তাই এই অনুষ্ঠান হবেই।” পাশাপাশি, মোদি-বিরোধীদের নিজস্ব র্যালি করার পরামর্শও দিয়েছেন এই মার্কিন তারকা। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক ভাষণের প্রাক্কালেও ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে দারুণ প্রশংসায় কুড়িয়েছিলেন মেরি মিলবেন। এই মুহূর্তে খোদ মার্কিন মুলুকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।