রবীন্দ্র রচনাবলী ফেরত দেননি মমতা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি মন্ত্রীর!

রবীন্দ্ররচনাবলী ফেরত না-দেওয়ায় মমতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা! হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রীর
বিধানসভার গ্রন্থাগার থেকে নিয়ে গিয়েও রবীন্দ্র রচনাবলী ফেরত না দেওয়ার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরিশঙ্কর ঘোষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে আইনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না; সাধারণ মানুষের মতো তাঁর বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সিউড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মন্ত্রী। বিধানসভা সূত্রে সম্প্রতি অভিযোগ ওঠে, অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ১৯টি বই ইস্যু করা হয়েছিল, যার মধ্যে ১৮টিই রবীন্দ্র রচনাবলীর খণ্ড এবং ১টি ‘সঞ্চয়িতা’। কিন্তু রাজ্যের পালাবদলের পরেও সেই বইগুলি আর বিধানসভার লাইব্রেরিতে ফেরত আসেনি। যদিও তৃণমূল নেত্রীর দাবি, বইগুলি তাঁর অফিসেই রয়েছে, বাড়িতে নিয়ে যাননি। তবে প্রশাসনিক জটিলতার কারণে বইয়ের সঠিক হদিশ পেতে হিমশিম খাচ্ছেন লাইব্রেরির আধিকারিকেরা।
এই প্রসঙ্গে সিউড়ির এক অনুষ্ঠানে ক্ষোভপ্রকাশ করে গ্রন্থাগার মন্ত্রী গৌরিশঙ্কর ঘোষ জানান, আইন সবার জন্য সমান। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট ব্যক্তি হলেও তাঁর জন্য নিয়ম আলাদা হতে পারে না। বই ফেরত না দিলে সাধারণ মানুষের ক্ষেত্রে যা নিয়ম, এক্ষেত্রেও তাই প্রযোজ্য হবে।
পাশাপাশি, রাজ্যের লাইব্রেরিগুলিতে বইয়ের তালিকা নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, সরকারি গ্রন্থাগারগুলিতে আর ‘এপাং ওপাং ঝপাং’-এর মতো অপ্রাসঙ্গিক বই রাখা হবে না। এর পরিবর্তে যুবসমাজের মেধা বিকাশে সাহায্য করে এবং জাতীয়তাবাদী চেতনার বই রাখা হবে। এমনকি রাজ্যের সমস্ত লাইব্রেরিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বা তাঁকে নিয়ে লেখা বই রাখা বাধ্যতামূলক করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।