জন্মের কয়েক মিনিট পরেই মর্মান্তিক পরিণতি! এসি বিস্ফোরণে পুড়ে ছাই ১৫ সদ্যোজাত, কাঁপছে হাসপাতাল

প্রদীপের আলো ফোটার আগেই নিভে গেল জীবনের দীপশিখা। জন্মের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারাতে হলো ১৫টি সদ্যোজাতকে। পাকিস্তানের একটি সরকারি হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ পাকিস্তানের ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (PIMS) হাসপাতালের তৃতীয় তলায় এই ভয়াবহ কাণ্ড ঘটে।

হাসপাতালের নার্সারিতে ভয়াবহ আগুন
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে হঠাৎই হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার্ডের নার্সারিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন সদ্যোজাত চিকিৎসাধীন ছিল। আগুনের লেলিহান শিখা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার খুব একটা সময় পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওয়ার্ডের একটি এয়ার কন্ডিশনার বা এসি-র কম্প্রেসার ফেটেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে পুরো নার্সারিটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বেঁচে রয়েছে মাত্র একজন
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মোট ১৫ জন সদ্যোজাত অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। এর মধ্যে ১৪ জন শিশু পুরোপুরি পুড়ে মারা যায়। বরাত জোরে শুধুমাত্র একজন সদ্যোজাতকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা।

হাসপাতালের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসি-র যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এতগুলি শিশুর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তাদের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *