উত্তর ২৪ পরগনায় লজ্জাজনক ঘটনা! সামান্য ধমকের জেরে খোদ স্কুলেই শিক্ষকের ওপর হামলা

স্কুলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রকে ধমক দেওয়াই কাল হলো শিক্ষক অরুণ দাসের জন্য। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর হরিপড়া গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের তিরস্কারের জেরে খোদ স্কুল প্রাঙ্গণেই শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গেছে, সোমবার ওই স্কুলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন একাদশ শ্রেণির কিছু ছাত্রছাত্রী হট্টগোল করছিল। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের বাংলা শিক্ষক অরুণ দাস হস্তপেক্ষ করেন এবং ছাত্রদের আচরণের জন্য তাদের তিরস্কার করেন। অভিযোগ, এই ঘটনার পরেই ওই ছাত্রের বাবা দেবব্রত দাস সোজা স্কুলে এসে পৌঁছান। তিনি সরাসরি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন, যেখানে সেই মুহূর্তে শিক্ষক অরুণ দাস উপস্থিত ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত দেবব্রত দাস কথা কাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে শিক্ষক অরুণ দাসের ওপর চড়াও হন এবং সঙ্গে থাকা বেল্ট দিয়ে তাঁকে মারধর শুরু করেন। আকস্মিক এই হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যান্য শিক্ষকরা দ্রুত ছুটে এসে হস্তক্ষেপ করেন এবং অভিযুক্তকে নিবৃত্ত করেন।
ঘটনার পরই স্কুলের পক্ষ থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা দেবব্রত দাসকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। শিক্ষককে নিগ্রহের এই ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলে তীব্র প্রতিবাদের সুর শোনা গেছে।