তোলাবাজি নিয়ে মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই বিপত্তি! অগ্নিমিত্রার নাম করে এলাকায় তাণ্ডব, বসল পথ অবরোধ

একদিকে দলীয় কর্মীদের নিয়ে সম্মেলন করতে গিয়ে তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ঠিক তখনই তাঁর নাম করেই এলাকাবাসীদের হুমকি দেওয়া এবং অতিষ্ঠ করে তোলার মারাত্মক অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত ওই মহিলা নাকি খাস মন্ত্রীর বাড়িতে পরিচারিকার কাজ করেন। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত পর্যন্ত উত্তাল হয়ে ওঠে আসানসোল শহর।

সোমবার আসানসোলে দুটি পৃথক কর্মী সম্মেলন করেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মূলত দলীয় কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং বাড়ি বাড়ি গিয়ে সরকারি সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিতেই এই সভার আয়োজন করা হয়েছিল। সম্মেলনে কর্মীদের স্পষ্টভাবে সতর্ক করে মন্ত্রী বলেন, “তোলাবাজি বা দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না। এই খবর উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কিন্তু মন্ত্রীর এই সতর্কবার্তার পরেই আসানসোলের কুমারপুর এলাকায় এক অন্য ছবি সামনে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেবী সরকার নামের এক মহিলা অগ্নিমিত্রা পালের নাম ভাঙিয়ে এলাকার সাধারণ মানুষকে লাগাতার হুমকি দিচ্ছেন এবং হেনস্তা করছেন। স্থানীয়দের দাবি, ওই মহিলা মন্ত্রীর কাছে কাজ করেন। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

ওই মহিলার হুমকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার রাতে কুমারপুর এলাকার মহিলারা সহ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন এবং দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, “মন্ত্রী অগ্নিমিত্রা পাল হয়তো এ বিষয়ে কিছুই জানেন না। কিন্তু তাঁর নাম ভাঙিয়ে এক মহিলা এলাকায় যেভাবে দাদাগিরি ও ভয় দেখাচ্ছেন, তা অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই দিদির কানে এই খবর পৌঁছাক, কারণ তিনিও নিশ্চয়ই এই অন্যায় বরদাস্ত করবেন না।”

ঘটনার খবর পেয়ে দীর্ঘক্ষণ পর আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং স্থানীয় বিজেপি প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ এলাকাবাসীকে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশি আশ্বাসের পরই অবরোধ তুলে নেন সাধারণ মানুষ। তবে মন্ত্রীর নাম জড়িয়ে এমন চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এ বিষয়ে এখনও পর্যন্ত অগ্নিমিত্রা পালের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *