রাখি পূর্ণিমার দিনে পিরিয়ড শুরু হলে কি রাখি পরানো যায়? মনে এই প্রশ্ন ঘুরপাক খেলে জেনে নিন আসল সত্য

ভাই-বোনের পবিত্র বন্ধন ও উদযাপনের দিন মানেই রাখিবন্ধন। বোনেরা ভাইয়ের কবজিতে রাখি পরিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন, আর ভাইয়েরাও সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কিন্তু উৎসবের আনন্দপূর্ণ এই দিনটিতেই যদি কোনও বোনের পিরিয়ডস বা মাসিক শুরু হয়ে যায়, তবে মনে নানারকম সংশয় ও সংকোচ তৈরি হওয়া খুব স্বাভাবিক। বহু মেয়ের মনেই প্রশ্ন জাগে, পিরিয়ড চলাকালীন কি আদৌ ভাইয়ের হাতে রাখি বাঁধা যায়, নাকি এই উৎসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে?

সাম্প্রতিক বিভিন্ন ধর্মীয় আলোচনা ও বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডস একটি সম্পূর্ণ স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। তাই এই সময় ভাইয়ের হাতে রাখি পরানো নিয়ে কোনও ধরনের নিষেধ নেই। তবে সনাতন ধর্মীয় ও পারিবারিক রীতিনীতি অনুযায়ী, মাসিক চলাকালীন পুজো-পাঠ, সরাসরি ঠাকুরের মূর্তি বা পূজোর সামগ্রী স্পর্শ করার বিষয়ে কিছু ঐতিহ্যগত নিয়ম মানা হয়।

যদি আপনার পরিবারে এই বিষয়গুলি নিয়ে কড়া নিয়ম থাকে এবং আপনি যদি পুজোর জিনিস স্পর্শ করতে না চান, তবে কিছু সহজ পথেই এই সমস্যার সমাধান সম্ভব। উৎসবের আনন্দ যাতে মাটি না হয়, তার জন্য কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে পারেন:

অন্যের সাহায্য নিন: পুজোর থালা সাজানো, চন্দন তৈরি বা প্রদীপ জ্বালানোর মতো কাজগুলো নিজে না করে বাড়ির অন্য কোনও সদস্যের সাহায্য নিতে পারেন।

বিকল্প পদ্ধতি: সরাসরি পুজোর থালা না ছুঁয়েও রাখি পরানো সম্ভব। আপনি নিজে আসন পেতে বসে ভাইকে তিলক লাগিয়ে দিন এবং মিষ্টিমুখ করান, আর পুজোর থালাটি পরিবারের অন্য কেউ ধরে রাখুন। এভাবে পারিবারিক রীতি বজায় রেখেও উৎসব পালন করা যায়।

পরিচ্ছন্নতা বজায় রাখুন: উৎসবের দিন পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক পোশাক পরে হাসিমুখে অনুষ্ঠানে অংশ নিন। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে নির্বিঘ্নে ভাইকে রাখি বাঁধতে পারেন।

আসল কথা হল, রাখিবন্ধন নিছক কিছু নিয়মের গণ্ডি নয়, এটি ভাই-বোনের নিখাদ ভালোবাসা ও স্নেহের প্রতীক। পিরিয়ড চলাকালীন ভাইকে রাখি বাঁধার ক্ষেত্রে শাস্ত্রীয় কোনও বাধা না থাকলেও, পুজো বা আচার-অনুষ্ঠানের নিয়ম পরিবারভেদে আলাদা হতে পারে। তাই নিজের পারিবারিক রীতি ও মানসিক স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়েই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করুন আপনার রাখিবন্ধন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *