৫০-এও তারুণ্য! কঠিন রোগ ও চোট সারিয়ে টানা তিন মাসে ১৫ কেজি ওজন কমিয়ে কী ভাবে রেকর্ড গড়লেন ইন্দ্রানী হালদার?

বয়স তো মাত্র একটি সংখ্যা, তা ফের প্রমাণ করে দিলেন বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা ইন্দ্রানী হালদার। দীর্ঘ দিন অভিনয়ের জাদাু দেখানোর পর বেশ কিছুদিন ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। ৫০ পেরোনোর পর তাঁর শারীরিক পরিবর্তন দেখে অনেকেই নানা প্রশ্ন তুলেছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের ওজন কমানোর কঠিন লড়াইয়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই প্রবীণ অভিনেত্রী।
ইন্দ্রানী হালদার জানান, দীর্ঘ দিন ধরে কোমরের গুরুতর চোটে ভুগছিলেন তিনি। সেই অসুস্থতার কারণে নড়াচড়া কমে যাওয়ায় তাঁর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। শুধু তাই নয়, শারীরিক এই পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক নেতিবাচক মন্তব্য করা হয়, যা তাঁকে মানসিকভাবে বেশ কষ্ট দিয়েছিল।
তবে থেমে থাকেননি এই জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, ফিজিওথেরাপি এবং দীর্ঘ নিয়মের মধ্যে দিয়ে তিনি নিজের শরীরকে সুস্থ করে তুলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই তিনি পুরোদমে নিজের রুটিনে ফিরে যান। টানা তিন মাসের কঠোর পরিশ্রমে তিনি ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেন। বর্তমানে তাঁর ওজন মাত্র ৫০ কেজি। প্রতিদিন নিয়ম করে দুই ঘণ্টা জিমে ঘাম ঝরানোর পাশাপাশি সম্পূর্ণ কার্বোহাইড্রেট শূন্য এবং প্রোটিনসমৃদ্ধ খাবার খেয়েই এই সাফল্য পেয়েছেন তিনি।
ইন্দ্রানী জানিয়েছেন, এই পুরো যাত্রায় তাঁর স্বামী তাঁকে সবসময় মানসিকভাবে সমর্থন ও সাহস জুগিয়েছেন। কঠিন চোট ও অসুস্থতাকে জয় করে তাঁর এই কামব্যাক এখন টলিপাড়ায় অন্যতম চর্চার বিষয়।