নৃশংসতা! ১৬ বছরের নাতনিকে টানা তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের দাদুর বিরুদ্ধে

উত্তরপ্রদেশের হাথরস জেলায় এক মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনার খবর সামনে এসেছে। ১৬ বছরের এক কিশোরীকে টানা তিন মাস ধরে ধর্ষণের অভিযোগে তার নিজের ৭০ বছরের দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ওই কিশোরী আড়াই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর মা মারা যাওয়ার পর সে বাবা ও দাদুর সঙ্গেই থাকত। কিশোরীর অভিযোগ, তার বাবা কাজের সূত্রে বাইরে গেলে বাড়িতে সে ও দাদু একা থাকতেন। গত ২০ জুন থেকে শুরু করে দিনের পর দিন সেই ফাঁকা বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়। কাউকে জানালে মেরে ফেলা হবে—এমন ভয় দেখিয়ে দীর্ঘদিন মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল তাকে।

ঘটনার দিন হঠাৎ তলপেটে তীব্র যন্ত্রণা শুরু হলে কিশোরী তার বাবাকে অসুস্থতার কথা জানায়। এর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা জানান, কিশোরী আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চার মাস আগে মামার বাড়ি থেকে ফেরার পর থেকেই এই ধারাবাহিক নির্যাতন শুরু হয়েছিল। ঘটনার জেরে নির্যাতিতা কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *