টাকা দিলেই মিলত ভুয়ো আধার ও ভোটার কার্ড! টিটাগড়ে পর্দাফাঁস করল আমডাঙা থানা

সাইবার প্রতারণা মামলার তদন্ত করতে গিয়ে রাজ্যের এক বড়সড় জালিয়াতি চক্রের সন্ধান পেল পুলিশ। আমডাঙা থানার পুলিশের অভিযানে উত্তর ২৪ পরগনার টিটাগড় স্টেশন সংলগ্ন এলাকা থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরির একটি কারবারের পর্দাফাঁস হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে টিটাগড় স্টেশন রোডের একটি নির্দিষ্ট জায়গায় রমরমিয়ে এই বেআইনি ব্যবসা চলছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় আমডাঙা থানার একটি দল। সেখান থেকে একাধিক অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বাজোপ্ত করা হয়েছে বেশ কিছু বায়োমেট্রিক যন্ত্র, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার, ডেস্কটপ এবং ল্যাপটপ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মোটা টাকার বিনিময়ে এখানে নিখুঁতভাবে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট তৈরি করা হতো। এই চক্রের কারবারিরা কতটা সক্রিয় ছিল, তার প্রমাণ মেলে ভোটার কার্ডের গরমিল দেখে। পুলিশ দেখতে পায়, একটি ভোটার কার্ডে একজনের ছবি ব্যবহার করা হলেও ঠিকানা দেওয়া হয়েছে অন্য একজনের।

এই চক্রের শিকড় কতদূর গভীরে ছড়িয়ে রয়েছে এবং এর নেপথ্যে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তিকে জেরা করে এই অবৈধ নেটওয়ার্কের অন্য মাথাদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *