আসল পনির ভেবে কি খাচ্ছেন আপনি? থানের রেস্তোরাঁয় ভেজাল কারবার ধরা পড়তেই বম্বে হাইকোর্টের বড় রায়!

সাধারণ মানুষকে ভেজাল এবং ক্ষতিকর খাবারের হাত থেকে রক্ষা করতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল বম্বে হাইকোর্ট। থানের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় গ্রাহকদের আসল পনিরের পরিবর্তে ক্ষতিকর ‘অ্যানালগ পনির’ বা ভেজাল পনির পরিবেশন করার অপরাধে এফডিএ (FDA)-এর নেওয়া পদক্ষেপকেই সঠিক বলে রায় দিল উচ্চ আদালত। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে জরুরি আবেদন জানানো হলেও শেষমেশ সেই আর্জি খারিজ করে দেয় আদালত। বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, গ্রাহকদের স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেলে তার খেসারত এভাবেই দিতে হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) কঠোর পদক্ষেপের বিরুদ্ধে ‘উড়ুপি সোয়াদ’ নামক রেস্তোরাঁটি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার আগে এফডিএ-র উচিত ছিল তাদের একটি নোটিস দেওয়া এবং খাবারের মান সংশোধনের সুযোগ দেওয়া। কিন্তু আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র গুগে এবং বিচারপতি গৌতম অঙ্খার ডিভিশন বেঞ্চ রেস্তোরাঁর এই যুক্তি সম্পূর্ণ উড়িয়ে দেয়।
আদালত ক্ষুব্ধ হয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে প্রশ্ন করে, ‘আসল দুধের পনিরের বদলে যে ভেজাল বা অ্যানালগ পনির ব্যবহার করা হচ্ছে, সে কথা কি কখনও মেনুকার্ডে উল্লেখ করা হয়েছিল?’ গ্রাহকদের অন্ধকারে রেখে নকল খাবার পরিবেশন করার তীব্র সমালোচনা করে আদালত আরও মন্তব্য করে, ‘আপনারা মানুষকে যা খাইয়ে কষ্ট দিয়েছেন, আপনাদেরও সেই কষ্ট ভোগ করতে হবে।’ গ্রাহকদের সঠিক তথ্য জানার এবং নিরাপদ খাবার খাওয়ার মৌলিক অধিকার রয়েছে বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত।
উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি মাসেই ভনৌষধি তেল, স্টার্চ এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি নন-ডেইরি ‘অ্যানালগ পনির’ তৈরি ও বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। এই নতুন নিয়ম লঙ্ঘন করলে যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কড়া বিধান রাখা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাহকদের প্লেটে নকল পনির তুলে দেওয়ায় এফডিএ ইতিমধ্যেই ওই রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করেছে। যদিও শুনানির সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভবিষ্যতে আর কখনও এমন ভেজাল উপাদান ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দেয়, তবে আদালত তাদের সহজে রেয়াত করতে নারাজ। আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং ততদিনে এফডিএ-কে একটি বিস্তারিত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।