১২ দিনের লড়াই শেষ! মৃত্যুর কোলে ঢলে পড়ল সুন্দরবনের জনপ্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার ‘সুন্দর’

মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানল সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কের অন্যতম প্রধান আকর্ষণ, পুরুষ বাঘ ‘সুন্দর’। গত ১২ দিন ধরে তীব্র সংক্রমণজনিত অসুস্থতায় ভুগে শনিবার ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ষোলো বছর বয়সি এই রয়্যাল বেঙ্গল টাইগার। তার এই আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পার্কের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং পর্যটক মহলে।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দু’সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ ছিল ‘সুন্দর’। বন দফতরের বিশেষ চিকিৎসক দলের কঠোর নজরদারিতে তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার ভোরে চিরঘুমে চলে যায় সে। উল্লেখ্য, এই পার্কের একমাত্র ১৩ বছর বয়সি বাঘিনীয় গত ১১ অগস্ট চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছিল। পরপর এই দুটি বাঘের মৃত্যুর ফলে এখন সম্পূর্ণ বাঘ-শূন্য হয়ে পড়েছে ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমাল পার্কের এনক্লোজার। কম সময়ের ব্যবধানে দুটি প্রাপ্তবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বন্যপ্রাণী প্রেমীরা। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মমাফিক ময়নাতদন্ত সম্পন্ন হলেই বাঘটির মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।