রাখিবন্ধনে মহিলাদের জন্য বিরাট উপহার! উত্তরপ্রদেশে এক টাকাও ভাড়া না দিয়ে ঘুরে বেড়ান বাসে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাখিবন্ধন উৎসবে রাজ্যের মহিলাদের জন্য বড় উপহার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত রাজ্যের মহিলারা একজন সঙ্গীর সঙ্গে উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (UPSRTC)-এর বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। উৎসবের এই দিনগুলিতে মহিলারা যাতে নিরাপদে ও কোনো রকম অসুবিধা ছাড়াই বাড়ি পৌঁছাতে পারেন, তার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সমস্ত প্রধান রুটে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-কে সবসময় সক্রিয় রাখতে বলা হয়েছে। পাশাপাশি, বাস চালকদের ক্ষেত্রেও কঠোর নজরদারি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চালক যাতে নেশাগ্রস্ত অবস্থায় বাস না চালান, তা নিশ্চিত করতে হবে। এছাড়া বেসরকারি বাস, অটো-রিকশা এবং ট্যাক্সি চালকদেরও যথাযথ যাচাই করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

অন্যদিকে, রাখিবন্ধন ঘোষণার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জল জমার পরিস্থিতি নিয়েও উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, কানপুর, গোরখপুর, মিরাট, সাহারানপুর এবং গাজিয়াবাদের মতো গুরুত্বপূর্ণ এলাকার জলমগ্ন পরিস্থিতি এবং তার কারণ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *