এআই প্রযুক্তির অপব্যবহার করলেই কড়া শাস্তি! ভুয়ো খবর ও ভুয়ো কনটেন্টের বিরুদ্ধে ১০০ কোটির মামলা ঠুকলেন গোবিন্দা

ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানা ভুয়ো খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-নির্মিত কনটেন্টের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ের পথে হাঁটলেন অভিনেতা গোবিন্দা। সম্প্রতি স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। সেই আবহে এবার কড়া পদক্ষেপ করে একটি আইনি নোটিশ জারি করেছেন এই তারকা।
নোটিশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, অনুমতি ছাড়া কেউ যদি গোবিন্দার নাম, ছবি, কণ্ঠস্বর বা তাঁর পারিবারিক জীবন নিয়ে কোনো ধরনের এআই-নির্মিত কনটেন্ট বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মানহানি ও সাইবার ক্রাইমের মামলা করার পাশাপাশি দোষীদের কাছ থেকে একশো কোটি টাকার আইনি ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলে জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে চলা জল্পনা এবং ডিপফেক বা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ বিনোদন মহলে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।