একটানা বৃষ্টিতে ভাসল ঐতিহাসিক মন্দির! জলের তলায় দেরাদুন, পরিস্থিতি দেখে শিউরে উঠবেন

একটানা ভারী বর্ষণে বেহাল উত্তরাখণ্ডের জনজীবন। সারারাত ধরে চলা মুষলধারে বৃষ্টির জেরে বিপৎসীমার ওপর দিয়ে বইছে তমসা নদীর জল। জলের তোড়ে প্লাবিত হয়েছে দেরাদুনের বিখ্যাত তথা ঐতিহাসিক টপকেশ্বর মহাদেব মন্দির চত্বর। নদীর ফুঁসে ওঠা জল ঢুকে পড়েছে মন্দিরের গর্ভগৃহ সহ বিভিন্ন অংশে। প্রতিকূল আবহাওয়ার কারণে বিপর্যস্ত পাহাড়ি এই রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা।
প্রবল বর্ষণের জেরে দেরাদুনের পাশাপাশি বিস্তীর্ণ গাড়োয়াল ডিভিশন জুড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় চরম সতর্কতা জারি করেছে প্রশাসন। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ার জেরে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস এবং রাস্তা ভেসে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি সেলফি তোলার মতো বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লাগাতার এই বৃষ্টির জেরে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।