বন্দে ভারতের খাবারে বড় কেলেঙ্কারি! আধকাঁচা পরোটা পরিবেশন করতেই ক্যাটারারকে সোজা ২ লাখ জরিমানা রেলের

আধুনিক পরিষেবা, হাই-স্পিড এবং প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) বরাবরই যাত্রীদের কাছে আকর্ষণীয়। কিন্তু সেই ট্রেনেরই ক্যাটারিং পরিষেবা নিয়ে ফের একবার বড় প্রশ্ন উঠল। এক যাত্রীকে আধকাঁচা পরোটা পরিবেশন করার অভিযোগে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল (Indian Railways)। গাফিলতির দায়ে অভিযুক্ত ক্যাটারিং সংস্থাকে দিতে হলো নগদ ২ লক্ষ টাকা জরিমানা।

ঠিক কী ঘটেছিল? রেল সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট বেনারস থেকে নয়াদিল্লিগামী ২২৪৩৫ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটে। ট্রেনে সফর করার সময় এক যাত্রীকে যে পরোটা দেওয়া হয়, তা একেবারেই কাঁচা ও ঠিকমতো সেঁকা ছিল না। অভিযোগ, ট্রেনের অন-বোর্ড কর্মীদের বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরপরই মেজাজ হারিয়ে ওই যাত্রী খাবারের সেই ছবি তুলে সোজা সোশ্যাল মিডিয়ায় (X হ্যান্ডেল) ক্ষোভ উগরে দেন এবং সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেন।

রেলের দ্রুত পদক্ষেপ ও জরিমানা পোস্টটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে রেল প্রশাসন। ঘটনার তদন্তে নেমে অভিযোগের সত্যতা মিলতেই ক্যাটারিং লাইসেন্সধারীর ঘাড়ে ২ লক্ষ টাকার জরিমানা চাপানো হয়। শুধু তাই নয়, যে এজেন্সি বেস কিচেনে খাবারের মান ও সুরক্ষার দায়িত্বে ছিল, তাদের আলাদা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেনের খাবারের মান নিয়ে এর আগেও লোকসভা ও রাজ্যসভায় বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক প্রশ্নের জবাবে জানান, বিগত তিন বছরে নিম্নমানের খাবার বা অতিরিক্ত দাম নেওয়ার মতো অনিয়মের জেরে ক্যাটারিং সংস্থাগুলির থেকে মোট ৫.১৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে ভারতীয় রেল। বছরে প্রায় ৫৮ কোটি প্লেট খাবার পরিবেশন করা হলেও অভিযোগের হার নগণ্য বলে দাবি করা হয়েছে। তবে প্রযুক্তির নজরদারি সত্ত্বেও বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে এমন ভুলের পুনরাবৃত্তি রেলের অন্দরের নজরদারির খামতিকেই ফের বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *