চেন্নাইয়ের পুরনো জুটিতেই কি বদলে যাবে ইংল্যান্ডের ভাগ্য? অজিদের বিরুদ্ধে নামার আগে বিরাট চমক ফ্লেমিংয়ের!

অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মাইকেল হাসির সঙ্গে কোচিং স্টাফ হিসেবে যোগ দেওয়ার বিষয়ে কথাবার্তা শুরু করেছে ইংল্যান্ড দল। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই জল্পনা তুঙ্গে উঠেছে। অতীতে সিএসকে-তে এই দুই হেভিওয়েট একসঙ্গে দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন।
ফক্স স্পোর্টস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসি জানিয়েছেন যে তিনি কোনো প্রস্তাবেরই না বলছেন না। কোচিং করাতে এবং যেকোনো দেশের খেলোয়াড়দের সাহায্য করতে তিনি ভালোবাসেন। তবে ঐতিহ্যগত তীব্র প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে কোচিং করাটা তাঁর কাছে কিছুটা অদ্ভুত ঠেকলও, পেশাদার দায়িত্ব হিসেবে তিনি এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।
এদিকে খুব শীঘ্রই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলেই সাফ জানিয়েছেন হাসি। স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং পরিবারের থেকে দূরে থাকার সময়টার কথা মাথায় রেখেই তিনি সিদ্ধান্ত নেবেন। আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। ২০১৫ সালের পর থেকে হাতছাড়া হওয়া সেই ট্রফি পুনরুদ্ধারের লড়াইয়ে ফ্লেমিং ও হাসির সম্ভাব্য এই জুটি কতটা সফল হয়, এখন সেটাই দেখার।