২০৪৭-এর মধ্যেই বদলাবে দিল্লির চেহারা! ৪০ লক্ষ নতুন বাড়ি ও মেট্রো সম্প্রসারণ নিয়ে এল মেগা মাস্টারপ্ল্যান

দিল্লির পরিকাঠামো উন্নয়নে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ করল প্রশাসন। ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্প্রতি প্রকাশ করা হয়েছে দিল্লির নতুন মাস্টারপ্ল্যান বা ‘এমপিডি ২০৪৭’ (MPD 2047)। এই সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় আগামী দিনে রাজধানীতে ৪০ লক্ষ নতুন বাড়ি তৈরি এবং মেট্রো নেটওয়ার্ক আরও প্রসারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল, দিল্লির উপরাজ্যপাল টি এস সাধু এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপস্থিতিতে এই ৫৩৫ পাতার মাস্টারপ্ল্যানটি প্রকাশ্যে আনা হয়। প্রশাসনের দাবি, আগের মাস্টারপ্ল্যানগুলির তুলনায় এই নতুন রূপায়ণ অনেক বেশি কার্যকর হবে, কারণ বিভিন্ন রাজনৈতিক জটিলতা কাটিয়ে এবার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, ২০৪৭ সালের মধ্যে দিল্লির মেট্রো রেল নেটওয়ার্ক বাড়িয়ে প্রায় ৬৯৫ কিলোমিটার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, পানীয় জলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জল সরবরাহ বাড়ানো, নিকাশি ব্যবস্থা উন্নত করা এবং নিকাশি শোধনের ক্ষমতা প্রসারিত করার ওপরেও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য নিয়ম শিথিল করে স্কুল, কলেজ ও গবেষণা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ নির্দেশিকা আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *