পাক হাইকমিশনের বাইরে হঠাৎ বুলডোজার চালাল ভারত! মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের পরই কড়া পদক্ষেপ

জম্মু ও কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ করল নয়াদিল্লি। দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বলয় ও অন্যান্য পরিকাঠামো ভেঙে ফেলা হয়েছে। হাইকমিশনকে ঘিরে থাকা ট্রাফিক বোলার্ড, ব্যারিকেড এবং ভিসা বিভাগের কিউ-লাইনারগুলিও সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলের মতে, কাশ্মীর ইস্যুতে ভারতের আপোসহীন অবস্থানের বিরুদ্ধে ইসলামাবাদের আপত্তি জানানোর পরেই এই কড়া পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিল মোদী সরকার।

সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে অঞ্চলটিকে ভারতের “অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ” হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি তিনি জানান, এই অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল অ্যাডভাইজরি পর্যালোচনা করে তা আরও শিথিল করা হতে পারে। এই সফরে তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। ইসলামাবাদের দাবি ছিল, মার্কিন দূতের এই বক্তব্য “তথ্যগতভাবে ভুল” এবং কাশ্মীর সংক্রান্ত তাদের দীর্ঘদিনের অবস্থানের পরিপন্থী। এমনকি এই বিষয়ে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে কঠোর অসন্তোষও প্রকাশ করেছিল পাক মন্ত্রক।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, কাশ্মীর ইস্যুতে আমেরিকার সঙ্গে পাকিস্তানের উত্তেজনার আবহে নয়াদিল্লির এই প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে পাকিস্তানকে আরও কোণঠাসা করার স্পষ্ট ইঙ্গিত মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *