ফেসবুক-ইনস্টাগ্রামের যুগে এবার বড় চমক! হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই বদলে যাবে ছবির সাইজ, আসছে দুর্দান্ত ফিচার

সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে গত কয়েক বছরে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় যেখানে শুধুমাত্র ১:১ রেশিওর স্কোয়ার ছবি পোস্ট করার চল ছিল, বর্তমানে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম—সব জায়গাতেই ৯:১৬ ভার্টিক্যাল ইমেজ বা রিলস ফরম্যাটের একচ্ছত্র আধিপত্য। ব্যবহারকারীদের এই নতুন পছন্দ ও ট্রেন্ডকে মাথায় রেখে এবার আরও একধাপ এগিয়ে গেল মেটা। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে ছবি এডিটিং সংক্রান্ত এক দারুণ ফিচার, যার সাহায্যে খুব সহজেই যেকোনো ছবিকে ভার্টিক্যাল বা ৯:১৬ ফরম্যাটে রূপান্তর করা যাবে।
কী সুবিধা মিলবে এই নতুন ফিচারে?
সাধারণত আপনার গ্যালারিতে থাকা কোনো ল্যান্ডস্কেপ বা সাধারণ সাইজের ছবিকে যখন ভার্টিক্যাল সাইজে কাউকে পাঠাতে চান, কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চান, তখন নানা সমস্যায় পড়তে হয়। ছবি ক্রপ করতে গিয়ে মূল ফ্রেম নষ্ট হয়ে যায়। তবে নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ভেতরেই যেকোনো ছবিকে সরাসরি ৯:১৬ সাইজে পরিবর্তন করতে পারবেন।
প্রতিবেদনে প্রকাশ, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৬.৩৩.২ ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যেই এই ফিচারটি রোলআউট করা শুরু হয়েছে। অ্যাপের ড্রয়িং এডিটরের ভেতরেই মিলবে এই বিশেষ সুবিধা। এছাড়া এর পাশাপাশি পুরনো বিটা ভার্সন ২.২৫.৩৬.১২ ব্যবহারকারীরা ছবিতে থ্রিডি এফেক্ট, অ্যানিমেশন বা ছবিকে কার্টুনে রূপান্তর করার মতো মজার সুবিধাগুলিও উপভোগ করতে পারছেন।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
নতুন এই সুবিধাটি ব্যবহার করা অত্যন্ত সহজ:
-
প্রথমে যে ছবিটি আপনি ভার্টিক্যাল সাইজে করতে চান, সেটি হোয়াটসঅ্যাপের ড্রয়িং প্ল্যাটফর্মে ওপেন করুন।
-
সেখানে একটি নতুন অপশন দেখতে পাবেন, যার নাম দেওয়া হয়েছে ‘Expands Photo’।
-
ওই অপশনে ট্যাপ করলেই নিমেষের মধ্যে আপনার ছবিটি ৯:১৬ সাইজে রূপান্তরিত হয়ে যাবে।
ছবি কি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে?
বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, ছবিকে হুট করে স্ট্রেচ করলে তার কোয়ালিটি নষ্ট বা ডিসটর্ট (Distort) হয়ে যাওয়ার ভয় থাকে। তবে ডব্লিউএবেটাইনফো (WABetaInfo)-র রিপোর্ট অনুযায়ী, এই ক্ষেত্রে মেটা এআই (Meta AI) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছবিটিকে কেবল টেনে লম্বা করে দেওয়া হবে না; বরং মেটা এআই প্রথমে পুরো ছবিটি গভীরভাবে অ্যানালিসিস বা বিশ্লেষণ করবে। এরপর তার ওপর ভিত্তি করেই ছবিটির ব্যাকগ্রাউন্ড বা সাইজ এমনভাবে পরিবর্তন করা হবে যাতে ছবির গুণগত মান বা ফেম ঠিক থাকে এবং কোনোভাবেই ছবিটি বিকৃত না হয়।
আপাতত এই আকর্ষণীয় ফিচারটি শুধুমাত্র বিটা ভার্সনেই পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ এই আপডেট পাকাপাকিভাবে রোলআউট করা হবে, সে বিষয়ে এখনও সংস্থার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে খুব শীঘ্রই যে কোটি কোটি ব্যবহারকারীর চ্যাটিং অভিজ্ঞতা সম্পূর্ণ বদলাতে চলেছে, তা বলাই বাহুল্য।