সিলিকন ভ্যালি থেকে সোজা গুজরাটে এআই ও মাইক্রনের বিশাল বিনিয়োগ! বৈঠকে কী বললেন পারপ্লেক্সিটি সিইও?

আসন্ন ‘ভাইব্রেন্ট গুজরাট সামিট ২০২৭’-এর প্রস্তুতি এবং প্রযুক্তিগত অগ্রগতির ধারা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছে গুজরাটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিশ্বের শীর্ষস্থানীয় টেক জায়ান্ট গুগল এবং মাইক্রনের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে রাজ্যটিকে বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে একাধিক যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মাইক্রনের সানন্দ কারখানা ও সঞ্জয় মেহরোত্রার প্রশংসা
সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মাইক্রন টেকনোলজির সানন্দ প্ল্যান্ট পরিদর্শন। মাত্র একদিনের মধ্যে মাইক্রনের সানন্দ কারখানার জন্য ২০ একর জমি অনুমোদন করায় মাইক্রনের চেয়ারম্যান সঞ্জয় মেহরোত্রা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, মাইক্রন ইউনিটের সফল ও দ্রুত বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত করতে রাজ্য সরকারের অত্যন্ত সক্রিয় পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গুজরাটের সানন্দ এবং ধোলেরা যে দেশের সেমিকন্ডাক্টর হাব হিসেবে আত্মপ্রকাশ করছে, তা স্মরণ করেন মুখ্যমন্ত্রী।
পারপ্লেক্সিটি এআই ও গুগলের সঙ্গে হাই-প্রোফাইল বৈঠক
এদিনের সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা জগতের জনপ্রিয় নাম ‘পারপ্লেক্সিটি এআই’-এর সিইও অরবিন্দ শ্রীনিবাস মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ একান্তে বৈঠক করেন। বৈঠকে গুজরাটে পারপ্লেক্সিটির গবেষণা ও উন্নয়ন (R&D) কেন্দ্র স্থাপন এবং একটি ডেটা সেন্টার তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
অন্যদিকে, গুজরাট প্রতিনিধিদল গুগলের অফিস পরিদর্শন করে এবং গুগলের ভাইস প্রেসিডেন্ট চান্দু থোটার সঙ্গে বৈঠকে মিলিত হন। গুগলের পক্ষ থেকে যুবকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এআই প্রশিক্ষণ এবং কৃষিক্ষেত্রে শস্যের ধরন ও আবহাওয়া বিশ্লেষণে এআই ব্যবহারের ওপর গভীর আগ্রহ প্রকাশ করা হয়েছে। এছাড়া ডেটা সুরক্ষার জন্য গুগল ওয়ার্কস্পেস সভরিন এআই ব্যবহারের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সিলিকন ভ্যালির টিআইই (TiE)-এর সঙ্গে আলোচনা
প্রযুক্তির পাশাপাশি তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে সিলিকন ভ্যালির ‘দ্য ইন্ডাস এন্টারপ্রেনারস’ (TiE)-এর সদস্যদের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এআই টুলের সাহায্যে যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন টিআইই-র সফল উদ্যোক্তারা। মুখ্য সচিব এম. কে. দাস সহ রাজ্য সরকারের শীর্ষস্থানীয় সচিবরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে গুজরাটের ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা প্রস্তুত করেছেন।