বিধায়কদের জন্য বিরাট উপহার! মিলবে নতুন গাড়ি, ড্রাইভারের খরচ ও ২৫ হাজার টাকার মাসিক ভাতা

জনগণের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করতে এবং কাজের গতি বাড়াতে রাজ্যের সমস্ত বিধায়কদের নতুন গাড়ি উপহার দেওয়ার ঐতিহাসিক ঘোষণা করল তামিলনাড়ু সরকার। পাশাপাশি, যাতায়াত ও দৈনন্দিন প্রশাসনিক কাজ মসৃণ রাখতে আর্থিক সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছে প্রশাসন।

সরকারের ঘোষণা অনুযায়ী, বিধায়কদের জন্য নতুন গাড়ি তো দেওয়া হচ্ছেই, সেই সঙ্গে চালকের বেতন এবং গাড়ি-সংক্রান্ত আনুষঙ্গিক খরচের জন্য প্রতি মাসে ৭৫,০০০ টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রতিটি বিধায়কের কার্যালয়ে একজন করে সহকারী বা পিএ নিয়োগের জন্য প্রতি মাসে ২৫,০০০ টাকা বরাদ্দ করেছে সরকার।

বিধানসভায় এই নতুন আর্থিক ব্যয়ের যৌক্তিকতা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী এমকে বিজয় জানান, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে বিধায়কদের নিয়মিত তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত করতে হয়। সরকারিভাবে যাতায়াতের এই পরিকাঠামো সুনিশ্চিত করা গেলে রাজ্যে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

উল্লেখ্য, বর্তমান বিধানসভায় এমন অনেক বিধায়ক রয়েছেন যাঁরা প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এবং তুলনামূলকভাবে সাধারণ বা স্বল্প আয়ের পটভূমি থেকে উঠে এসেছেন। জনপ্রতিনিধি হিসেবে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তাঁদের যে এই প্রাতিষ্ঠানিক ও পরিকাঠামোগত সহায়তার প্রয়োজন রয়েছে, সেকথাও স্পষ্টভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মূলত ভিসিকে (VCK)-র বিধায়ক জোথিমণি পরিকাঠামোগত সহায়তা ছাড়া কার্যকরভাবে কাজ করা অসম্ভব বলে মন্তব্য করার এবং গাড়ি চেয়ে আবেদন জানানোর পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বড় ঘোষণাটি আসে।

এর পাশাপাশি, নির্বাচিত জনপ্রতিনিধিদের সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিমার কভারেজ বা চিকিৎসার জন্য আর্থিক বরাদ্দের পরিমাণও একলাফে অনেকটাই বাড়িয়েছে বিজয় সরকার। পূর্বে এই চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও, তা বাড়িয়ে সরাসরি ২৫ লক্ষ টাকা করা হয়েছে। সরকারের এই জোড়া ঘোষণায় রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *