৩ লাখে পৌঁছবে সোনা, ৬ লাখে রুপো! বিশ্বখ্যাত লেখকের দাবিতে শোরগোল, এখনই বিনিয়োগে লাভ না লোকসান?

ফের একবার দুরন্ত গতিতে ছুটতে পারে সোনা ও রুপোর বাজার। বর্তমান সময়ে এই মূল্যবান ধাতুতে বিনিয়োগ করলে ভবিষ্যতে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বলে দাবি করেছেন বিশ্বখ্যাত মার্কেট এক্সপার্ট তথা জনপ্রিয় বই ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ (Rich Dad Poor Dad)-এর লেখক রবার্ট কিওসাকি (Robert Kiyosaki)। তাঁর সাম্প্রতিক এই ভবিষ্যদ্বাণী সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

কী দাবি করেছেন রবার্ট কিওসাকি? মার্কিন যুক্তরাষ্ট্রে লাগাতার ঋণের পরিমাণ বৃদ্ধির প্রেক্ষাপটেই এই চাঞ্চল্যকর আশা দেখিয়েছেন এই বিনিয়োগ বিশেষজ্ঞ। সম্প্রতি এক ঘোষণায় কিওসাকি দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে আগামী দিনে সোনার দাম প্রতি আউন্সে ১০,০০০ ডলারে গিয়ে ঠেকতে পারে। পাশাপাশি, রুপোর দামও ২০০ ডলার ছুঁয়ে ফেলতে পারে। বর্তমান বাজারের আর্থিক পরিস্থিতি বিচার করে তিনি সাধারণ বিনিয়োগকারীদের সোনার তুলনায় রুপোতে বিনিয়োগের ওপর বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভারতের বর্তমান বাজারদর এবং মুদ্রাস্ফীতির হিসাব কষে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এই পূর্বাভাস সত্যি হলে আগামী দিনে ভারতের বাজারে এক লক্ষ বা দশ গ্রামের নিরিখে সোনার দাম ৩.০৬ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৬.১৩ লক্ষ টাকায়।

কেন এমন আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা? সর্বদাই বাজার থেকে কাগজের মুদ্রার পরিবর্তে সোনা-রুপোর মতো মূল্যবান ও নিরাপদ ধাতু কেনার পক্ষে সওয়াল করে এসেছেন রবার্ট কিওসাকি। সাম্প্রতিক ফিন্যান্সিয়াল কমেন্টেটর জিম রিগার্ডেসের একটি বাজার সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সূত্র ধরেই এই মন্তব্য করেছেন তিনি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাওয়ার পরই এই অর্থনৈতিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কিওসাকির মূল যুক্তি হলো, মার্কিন সরকারের ঋণ যত বাড়বে, সাধারণ মানুষের কারেন্সি বা কাগজের মুদ্রার ওপর থেকে বিশ্বাস তত কমতে শুরু করবে। এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ ফিয়ট কারেন্সির মায়াসংবরণ করে সোনা ও রুপোর মতো স্থায়ী অ্যাসেট বা হোল্ডিংয়ের দিকে ঝুঁকবে। আর সাধারণ মানুষের এই ঝোঁকই বিশ্ববাজারে দামি ধাতুর দামকে এক ধাক্কায় আকাশছোঁয়া করে তুলবে বলে মনে করছেন এই আন্তর্জাতিক অর্থবিশেষজ্ঞ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *