চালক থেকে কন্ডাক্টর—সবাই মহিলা! নিরাপত্তার মোড়কে বাংলাদেশে চালু হলো বহু প্রতীক্ষিত এই বিশেষ বাস

এপার বাংলার পর এবার ওপার বাংলাতেও মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালু হলো বিশেষ বাস পরিষেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকেই আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামল ‘পিঙ্ক বাস’। মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতেই বাংলাদেশ সরকারের এই অভিনব উদ্যোগ। বিআরটিসি (BRTC)-র পরিচালনায় চলা এই বাসগুলির অন্যতম বড় বিশেষত্ব হলো, এর চালক এবং কন্ডাক্টর—উভয় পদেই রয়েছেন শুধুমাত্র মহিলারা। এছাড়া বেশিরভাগ বাসই দোতলা বিশিষ্ট হবে বলে জানা গেছে।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ: এর আগে বিএনপির নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নেই এই পদক্ষেপ করা হয়েছে। বিআরটিসি সূত্রে খবর, প্রাথমিকভাবে রাজধানী ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এই পিঙ্ক বাস পরিষেবা চালু করা হয়েছে।
এর মধ্যে রয়েছে—
-
নতুনবাজার (কোকাকোলা) থেকে মতিঝিল
-
তালতলা থেকে মতিঝিল
-
ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মতিঝিল
-
মিরপুর-১০ থেকে মতিঝিল
-
মিরপুর-১২ থেকে মতিঝিল
-
আব্দুল্লাহপুর থেকে জিপিও
-
মিরপুর থেকে মতিঝিল
-
মোহাম্মদপুর থেকে মতিঝিল রুট
পাশাপাশি, গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও এই স্পেশাল বাস চালানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
রাজধানীর বাইরেও পরিষেবা: শুধু ঢাকাতেই নয়, রাজধানীর বাইরেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটেও দুটি পিঙ্ক বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলে দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটের মতো বড় শহরগুলিতেও এই বিশেষ বাস পরিষেবা চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।