স্কুলছাত্রদের জন্য বড় স্বস্তি! দেশজুড়ে ২ কোটিরও বেশি পড়ুয়ার বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সফলভাবে সম্পন্ন

দেশের স্কুলছাত্রছাত্রীদের জন্য বড়সড় মাইলফলক অর্জন করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ইতিমধ্যেই ২ কোটিরও বেশি স্কুল পড়ুয়ার বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ সুবিধা পাবে।
স্পেশাল ক্যাম্পের মাধ্যমে এই সাফল্য
কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ (UDISE+)-এর সঙ্গে UIDAI-এর প্রযুক্তিগত সংযুক্তিকরণের ফলেই এই বিশাল কর্মযজ্ঞ এত কম সময়ে সফল করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে স্কুলগুলিতে বাচ্চাদের এমবিইউ (MBU)-এর স্ট্যাটাস খুব সহজেই ট্র্যাক করা গেছে।
সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখনও পর্যন্ত সারা দেশে ১ লক্ষ ৫৬ হাজারেরও বেশি স্কুলে ক্যাম্প করা হয়েছে। UIDAI এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে পড়ুয়ারা সরাসরি স্কুলেই তাদের আধারের বায়োমেট্রিক আপডেট করানোর সুযোগ পেয়েছে। ফলে অভিভাবকদের আর লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয়নি।
শিশুদের বায়োমেট্রিক আপডেটের নিয়ম
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছরের কম বয়সি শিশুদের আধার তৈরির সময় শুধুমাত্র ছবি ও সাধারণ তথ্য নেওয়া হয়, কারণ সেই বয়সে আঙুলের ছাপ ও চোখের মণির (আইরিস) সঠিক বিকাশ ঘটে না। এরপর শিশুর বয়স ৫ বছর এবং ১৫ বছর পূর্ণ হলে এই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) করানো নিয়মসিদ্ধ। সময়মতো এই আপডেট করা থাকলে ভবিষ্যতে উচ্চশিক্ষা, সরকারি স্কলারশিপ কিংবা বিভিন্ন পরীক্ষায় আধার সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হয়।
সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করানোর সুযোগ
এই প্রক্রিয়াকে আরও সহজ ও সর্বজনগ্রাহী করতে UIDAI গত বছরের ১ অক্টোবর থেকে এক বছরের জন্য ৭ থেকে ১৫ বছর বয়সি শিশুদের MBU-এর সমস্ত চার্জ মকুব করে দিয়েছে। উল্লেখ্য, ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সিদের জন্য এই পরিষেবা আগে থেকেই সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ ছিল। অর্থাৎ, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ থেকে ১৭ বছর বয়সি সমস্ত পড়ুয়াদের জন্য এই বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আধারে সঠিক বায়োমেট্রিক তথ্য আপডেট করা না থাকলে আগামী দিনে NEET, JEE, CUET-এর মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনের সময় বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত অভিভাবককে দ্রুত তাঁদের সন্তানদের এই প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।